ইউক্রেনে একটি পণ্যবাহী জাহাজ হামলায় নিহত চার ভারতীয়। গুরুতর আহত হয়েছেন আরও এক ভারতীয়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। গত ১৯ জুলাই সন্ধ্যায় ইউক্রেনের ওসেদা বন্দর থেকে হওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হামলার মুখে পড়ে গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘এমভি গোল্ডেন লিও’ নামের ওই জাহাজ। জাহাজে মোট ১৭ জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে পাঁচ জন ছিলেন ভারতীয়। এই হামলার ঘটনায় চার ভারতীয় মৃত্যু এবং একজনের গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। এদিকে, হামলার জন্য রাশিয়াকেই দায়ী করেছে ইউক্রেন।
সোমবার এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানায়, তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী, চার ভারতীয় নাগরিকের মৃত্যু মর্মান্তিক। পাশাপাশি, গুরুতর আহত এক ভারতীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, বেসামরিক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো, নিরীহ ক্রু সদস্যদের জীবন বিপন্ন করা এবং নৌচলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা সম্পূর্ণ গ্রহণযোগ্য নয় এবং নিন্দনীয়। এই ধরনের কাজ বন্ধ হওয়া দরকার বলে জানিয়েছে দিল্লি। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ইউক্রেনের সামগ্রিক পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।
তবে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে সরাসরি রাশিয়ার নাম নেওয়া হয়নি। অন্যদিকে ইউক্রেনের কর্তৃপক্ষের দাবি, রবিবার ওদেসা বন্দর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তিনটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র পণ্যবাহী জাহাজে হামলা চালায়। ইউক্রেনের নৌবাহিনীর বক্তব্য, হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। আন্তর্জাতিক সংবাদসংস্থার তথ্য অনুযায়ী, উপকূলের কাছে একটি জাহাজ থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। জাহাজের ক্রু সদস্যদের মধ্যে ভারত ও সিরিয়ার নাগরিকরা ছিলেন। ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর সারা রাত ধরে উদ্ধার অভিযান চালানো হয়। এই ঘটনায় মোট নয় জন ক্রু সদস্য এবং একজন মেরিটাইম পাইলটের মৃত্যু হয়েছে। ১৭ জন ক্রু সদস্যের মধ্যে আট জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।