বাংলাদেশে অশান্তি অব্যাহত। বৃহস্পতিবার রাতেও রাজধানী ঢাকার পল্লবী ও বাড্ডা এলাকায় দু’টি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি ঢাকা ও কুষ্টিয়ায় বোমাবাজির অভিযোগও উঠেছে। একের পর এক অগ্নিসংযোগ ও হিংসার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। সেই অভিযআনে মাত্র ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩৩৮ জন নেতা-কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।
আওয়ামী লীগের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় কয়েক দিন আগেই উত্তেজনা ছড়িয়েছিল। সেখানে থানা এবং বিএনপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি অস্ত্র নিয়ে মিছিলের অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগেই গোপালগঞ্জে রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের সরকার। এ বার বৃহস্পতিবার থেকে ওই জেলায় মোবাইল ব্যাঙ্কিং পরিষেবাতেও সমস্যা দেখা দিয়েছে। বাংলাদেশের সংবাদ পত্র ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, গোপালগঞ্জের অধিকাংশ গ্রাহকের মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।
কেন শুধুমাত্র গোপালগঞ্জেই এই পরিষেবায় বিধিনিষেধ, তা নিয়ে সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ। ব্যাঙ্কিং সংস্থার আধিকারিকদের সূত্র উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে, সরকারি নির্দেশেই মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে দাবি, সাম্প্রতিক সময়ে ঢাকা-সহ দেশের অন্যান্য জেলারর তুলনায় গোপালগঞ্জে ‘অস্বাবাবিক মাত্রায়’ আর্থিক লেনদেন হয়েছে। সেই কারণেই সাময়িকভাবে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধরতে গোটা বাংলাদেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান চালানো হচ্ছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৩৩৮ জন নেতা-কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে শুধু ঢাকা থেকেই ধরা হয়েছে ৫০ জনকে। গ্রেপ্তারির তালিকায় রয়েছেন শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেসসচিব কেএম শাখাওয়াত মুন, মাদারীপুরের প্রাক্তন জেলাশাসক ইলিয়াস হোসেন এবং দুবছর আগে নিউটাউনে খুন হওয়া আওয়ামী লীগ সাংসদ আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফিরদৌস ডরিন।
অন্যদিকে, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার পল্লবী এলাকায় একটি চলন্ত বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে সেই সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। বাড্ডা এলাকাতেও একটি বাসের পিছনের অংশে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। দ্রুত বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন চালক। ঢাকা ও কুষ্টিয়াতেও বোমাবাজি ঘটেছে বলে খবর। চট্টগ্রাম-সহ বাংলাদেশের ছ’টি জায়গায় পুলিশ কিয়স্কে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।
ক্রমাগত অশান্তির জেরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন। ঢাকা, গোপালগঞ্জ-সহ সাতটি জেলায় পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের ১০৯ প্লাটুন বাহিনী। একের পর এক অগ্নিসংযোগ, বোমাবাজি এবং ধরপাকড়ের ঘটনায় ডিসেম্বরের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/_cWtECbrmBU?si=nl3ZQIi9s47YCw2F” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>