ইটালিতে গুরুদ্বারের বাইরে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু ২ ভারতীয়র

ইটালির বার্গামো প্রদেশের কোভো এলাকায় এক গুরুদ্বারের সামনে ভয়াবহ গুলিচালনার ঘটনায় মৃত্যু হয়েছে দুই ভারতীয় যুবকের। এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানের উপলক্ষে গুরুদ্বারের বাইরে ভিড় জমেছিল। চারদিকে উৎসবমুখর পরিবেশ ছিল।

ঠিক সেই সময় একটি গাড়িতে করে এক যুবক সেখানে উপস্থিত হয়। অভিযোগ, হঠাৎই সে ভিড় লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। আচমকা এই হামলায় গুরুতরভাবে জখম হন কয়েকজন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দুই ব্যক্তি—রাগিন্দর সিং (৪৮) এবং গুরমিত সিং (৪৮)। গুলির আঘাতেই তাঁদের মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।


এক প্রত্যক্ষদর্শীর দাবি, হামলাকারী একজন ভারতীয় এবং তিনি প্রায়ই ওই গুরুদ্বারে যাতায়াত করতেন। এই তথ্যকে কেন্দ্র করে তদন্তে নতুন দিশা মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই হামলা পূর্বপরিকল্পিত হতে পারে। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হল, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।