উত্তুরে হাওয়ার দাপটে বড়দিন থেকে বাড়বে শীতের দাপট, সেই সঙ্গে থাকবে ঘন কুয়াশা

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যে শীতের দাপট আরও বাড়তে চলেছে। ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিন থেকে ধীরে ধীরে নামবে তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে উত্তুরে হাওয়ার ব্যাটিং। বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে অর্থাৎ জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তান সংলগ্ন অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। যার ফলে হিমালয় সংলগ্ন অঞ্চলে কিছুটা মেঘলা আবহাওয়া এবং শীতের প্রভাব পড়েছে। যদিও এর প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে জাঁকিয়ে শীতের অনুভূতি কম। কুয়াশা এবং ঠান্ডা হাওয়া প্রবেশে বাধা পাচ্ছে।

এই পশ্চিমী ঝঞ্চাটি সরে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার ফলে ঠান্ডার অনুভূতি আরও বেড়ে যাবে। বড়দিনে একধাক্কায় ৩ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলার তাপমাত্রা থাকবে ৯ ডিগ্রির নীচে। বড়দিনের আগে তাপমাত্রা সেরকম বদল হওয়ার সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে রাজ্যের সব জায়গার আবহাওয়া শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আগামী দুইদিনে কোথাও রাতের তাপমাত্রার বিশেষ বদল হবে না। তবে দক্ষিণের জেলাগুলিতে বড়দিন থেকে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।  উত্তরবঙ্গেও দু’দিন পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি কমতে পারে।

উত্তরে বুধবার এবং বৃহস্পতিবার সকালের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বুধবার ঘন কুয়াশা থাকতে পারে। কিছু কিছু এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও বুধবার থেকে বিক্ষিপ্ত ভাবে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার আস্তরণ থাকতে পারে। তবে ঘন কুয়াশার সম্ভাবনা আপাতত নেই দক্ষিণের জেলাগুলিতে।


মাঝে কিছুদিন সকালের দিকে ঠান্ডা লাগলেও  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম লাগছিল। ডিসেম্বরের মাঝামাঝি এসেও জাঁকিয়ে শীতের দেখা সেই অর্থে মিলছিল না। তবে গত কয়েক দিনে আবহাওয়া অনেকটাই বদলেছে। সঙ্গে জুড়েছে শীতল হাওয়াও। ফলে গত শনিবার থেকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। কয়েক দিন সকালের দিকে কুয়াশার আস্তরণও দেখা গিয়েছে। কমেছে দিনের তাপমাত্রাও। তবে বড়দিনের আগে এর চেয়ে বেশি শীত পড়ার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। বড়দিনের পর থেকে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমার পূর্বাভাস রয়েছে।