আগামী সপ্তাহ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা

প্রতিনিধিত্বমূলক চিত্র

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত বড় ধরনের ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে দুই ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এই মুহূর্তে কোনও জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়নি।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি অংশে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। রবিবার পর্যন্ত আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী সোমবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তখন বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস।

অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি সক্রিয়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই কারণে ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা রয়েছে।