জল জীবন মিশন’-এ গতি, বাংলায় আসছে ৩৯ হাজার কোটি টাকা

গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামের প্রতিটি বাড়িতে দ্রুত পৌঁছবে পরিশ্রুত পানীয় জল। পাশাপাশি গঙ্গার পরিচ্ছন্নতায় নেওয়া হবে নতুন উদ্যোগ। কেন্দ্রের একাধিক জলসম্পদ সংক্রান্ত প্রকল্প এবার পশ্চিমবঙ্গে দ্রুত বাস্তবায়ন হতে চলেছে। এর জন্য কেন্দ্রের কাছ থেকে প্রায় ৩৯ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা পাওয়া যাবে। বৃহস্পতিবার নবান্নে এমনই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এদিন নবান্নে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পরই এই কথা জানান  মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সমাজমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ‘জল জীবন মিশন’। আগের তৃণমূল সরকারের আমলে এই প্রকল্পে আদৌ কোনও কাজ হয়নি। পূর্বতন সরকার ইচ্ছাকৃতভাবে এই প্রকল্প কার্যকর করেনি। তবে দিন বদলেছে। এবার রাজ্যের সর্বত্র পূর্ণোদ্যমে ‘জল জীবন মিশন’ কার্যকর করা হবে। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য, শহর থেকে প্রত্যন্ত গ্রাম সর্বত্র নিরাপদ ও পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া।

 


পাশাপাশি ‘নমামি গঙ্গে’ এবং ‘জলশক্তি অভিযান’-এর মতো প্রকল্পগুলিকেও নতুন গতি দেওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর দাবি, আগের তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে এই ধরনের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন আটকে রেখেছিল। শুধু তাই নয়, প্রকল্পগুলিকে নিজেদের নিয়ন্ত্রণে এনে তার কৃতিত্ব নেওয়ারও চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন তিনি।

শুভেন্দু বলেন, ‘কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ‘জল জীবন মিশন’-এর জন্য ইতিমধ্যেই মউ স্বাক্ষর করেছে রাজ্য। এর ফলে কেন্দ্রের কাছ থেকে প্রায় ৩৯ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা পাওয়া যাবে। সেই অর্থে পানীয় জল সরবরাহের পরিকাঠামো উন্নয়ন, নতুন সংযোগ তৈরি এবং গ্রামীণ এলাকায় পরিষেবা সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে। এই প্রকল্পগুলির সফল বাস্তবায়ন শুধু পশ্চিমবঙ্গের উন্নয়নেই নয়, জাতীয় স্তরেও জল সংরক্ষণ, নদী পরিচ্ছন্নতা এবং নিরাপদ পানীয় জল নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হয়েছে বলেও তিনি জানিয়েছেন।