নেপালের জাতীয় নির্বাচনে জেন-জি নেতা বলেন্দ্র শাহর রাজনৈতিক দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) জয় কার্যত নিশ্চিত। চূড়ান্ত নির্বাচনী ফল প্রকাশের আগেই নেপালের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী দেশটির উদ্দেশে মোদীর বার্তা, ‘নেপালের জনগণ ও তাঁদের নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য আমরা মুখিয়ে আছি। নতুন সরকার নেপালের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ ভূমিকা নেবে বলে আমি আশাবাদী।’
নেপালে নির্বাচন মেটার পরই শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সফল ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হওয়ার জন্য আমি নেপালের জনগণ এবং সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার নেপালি ভাই ও বোনদের স্বতস্ফূর্তভাবে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেখে আমি অত্যন্ত খুশি। এই ঐতিহাসিক ভোটদান পর্ব নেপালের গণতান্ত্রিক যাত্রায় একটি গর্বের মুহূর্ত বলে মনে করি।’ প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসেবে ভারত নেপালের জনগণ এবং তাদের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত ও নেপাল দুই দেশেরই লক্ষ্য হল শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে যাওয়া।’
নেপালের নির্বাচন কমিশনের সর্বশেষ রিপোর্ট বলছে, সরাসরি নির্বাচন হওয়া ১৬৫টি আসনের মধ্যে ১০০টিতে জয়ী হয়েছে আরএসপি। পাশাপাশি তারা ২৫টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, নেপালি কংগ্রেস এখন পর্যন্ত মাত্র ৬টি আসনে জয় পেয়েছে। এগিয়ে আছে ৯ আসনে। নেপাল কমিউনিস্ট পার্টি ২টি আসনে জয় পেয়েছে এবং ৮টি আসনে এগিয়ে। অন্য দলগুলি এখনও পর্যন্ত একটি আসনে জয়ী হয়েছে এবং ৬টি আসনে এগিয়ে আছে।
উল্লেখ্য, ২০২৫-এর সেপ্টেম্বরে জেন জি আন্দোলনের জেরে ওলি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে যান। এরপর দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। অনেকেই মনে করছিলেন, এবারও নেপালে কোনও দলই সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে না। কিন্তু শেষ পর্যন্ত সব ধ্যানধারণা বদলে দিয়ে বলেন্দ্র শাহের নেতৃত্বে নবগঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বিপুল জয় পেতে চলেছে। রাজনৈতিক মহল মনে করছে, নেপালের জেন জি-র প্রায় সব ভোটই গিয়েছে বলেন্দ্র শাহর ঝুলিতে।