চলছে তিন রাজ্য ভোট গ্রহণ

প্রতিনিধিত্বমূলক চিত্র

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসাম এবং দক্ষিণ ভারতের কেরলের পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা ভোট হচ্ছে। ভোটগণনা হবে আগামী ৪ মে, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর সঙ্গেই। নির্ধারিত সময়সূচি অনুসারেই সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার একটি করে বিধানসভা আসনে উপনির্বাচনও হবে বৃহস্পতিবার। গোয়ার পোন্ড আসনেও বৃহস্পতিবার উপনির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু পশ্চিম ভারতের ওই রাজ্যে বিধানসভার মেয়াদ আর মাত্র এক বছর অবশিষ্ট থাকায় বম্বে হাই কোর্ট উপনির্বাচন বাতিলের রায় দিয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা ১১টা পর্যন্ত আসামে ৩৮.৯২ শতাংশ, কেরলে ৩৩.২৮ শতাংশ এবং পুদুচেরিতে ৩৭.০৬ শতাংশ ভোট পড়েছে।


আসামে বিধানসভা আসনের সংখ্যা ১২৬, কেরলে ১৪০ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ৩০। কেরলে ৮৯০, অসমে ৭২২ এবং পুদুচেরিতে ২৯৪ জন প্রার্থী রয়েছেন ভোটের ময়দানে। তিন বিধানসভাতেই এক দফায় ভোটগ্রহণ হচ্ছে।