বনগাঁয় মতুয়াদের আচার মালা ছেঁড়া নিয়ে ধুন্ধুমার

উত্তর ২৪ পরগনার বনগাঁর বনগাঁ উত্তর কেন্দ্রে নির্বাচনী প্রচার ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। বৃহস্পতিবার সকালে সুভাষপল্লি এলাকায় বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল কর্মীরা বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে তাঁর প্রচার আটকানোর চেষ্টা করেন, যার জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দ্রুত সংঘর্ষে পরিণত হয়।

বিজেপির দাবি, তৃণমূল কর্মীরা মতুয়া সম্প্রদায়ের মানুষদের গলা থেকে ‘আচার মালা’ ছিঁড়ে নেয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এই ঘটনায় লাঠি ও বাঁশ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। বিজেপি অভিযোগ করেছে, স্থানীয় কাউন্সিলর পাপাই রাহা এই ঘটনার নেপথ্যে রয়েছেন। যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে পালটা দাবি করেন, বিজেপি কর্মীরাই প্রথমে আক্রমণ চালায়।

খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষে অন্তত ছয় জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে তিন বিজেপি কর্মী হাসপাতালে ভর্তি। ঘটনার প্রতিবাদে বিজেপি বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।


অন্যদিকে, হুগলির খানাকুলের চিংড়া এলাকাতেও বুধবার রাতে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হন। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা তাঁদের কর্মীদের উপর হামলা চালিয়েছে, যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করে পালটা মারধরের অভিযোগ তুলেছে।