আমেরিকায় পড়তে গিয়ে নিখোঁজ কর্ণাটকের এক পড়ুয়া। নাম সাকেত শ্রীনিবাসাইয়া, বয়স ২২ বছর। গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ওই যুবক। সাকেত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। বার্কলে এলাকায় লেক আনজারের কাছে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে আমেরিকার পুলিশ।
সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসের সঙ্গে পড়ুয়ার পরিবারের যোগাযোগ রয়েছে। দূতাবাসের এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কর্ণাটকের সাকেত সাকেত শ্রীনিবাসাইয়ার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় আমরা উদ্বিগ্ন। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগে রয়েছি। যুবকের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে।’
সাকেতের সঙ্গে একই ঘরে থাকতেন বনিত সিং। তিনিই প্রথম সাকেতের নিখোঁজের খবর প্রকাশ্যে আনে। সমাজমাধ্যমে সাহায্য চেয়ে একটি পোস্টও করেন। ২০২৫ সালে আইআইটি মাদ্রাজ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন সাকেত। এরপর আমেরিকায় যান তিনি। তাঁর নিখোঁজের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তাঁর পরিবার। লেক আনজার এলাকায় সাকেত একা গিয়েছিলেন না কি তাঁর সঙ্গে আরও কেউ ছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।