‘পাউরুটি’ হারিয়ে বিপাকে গ্লেনারিজ কর্তা

দার্জিলিংয়ের পরিচিত ব্যবসায়ী এবং জনপ্রিয় গ্লেনারিজ হোটেলের কর্তা অজয় এডওয়ার্ড এবার ভোটের ময়দানে পড়লেন এক অদ্ভুত সমস্যায়। প্রসিদ্ধ বেকারি ব্যবসায়ী, যাঁর বেকারিতে তৈরি পাউরুটি খায় গোটা দার্জিলিং। এবার তাঁর রাজনৈতিক দলের প্রতীক হিসাবে ‘পাউরুটি’ আর পাচ্ছেন না তিনি। ফলে বাধ্য হয়ে অন্য প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে হচ্ছে তাঁকে।

অজয় এডওয়ার্ড ২০২১ সালে নিজের রাজনৈতিক দল গড়ে তুলেছিলেন, যার প্রতীক ছিল ‘ব্রেড’ বা ‘পাউরুটি’। সেই প্রতীক নিয়েই তিনি জনপ্রিয়তা অর্জন করেন এবং দার্জিলিং পুরসভা ও জিটিএ নির্বাচনে সাফল্যও পান। বর্তমানে তাঁর দলের নাম ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট। এবারের বিধানসভা নির্বাচনেও তিনি দার্জিলিং-সহ একাধিক কেন্দ্রে প্রার্থী দিয়েছেন এবং নিজেও প্রার্থী হয়েছেন।

তবে সমস্যা তৈরি হয়েছে দল রেজিস্ট্রার্ড না হওয়ার কারণে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, এই দলটি এখনও স্বীকৃত না হওয়ায় তাদের প্রার্থীদের নির্দল হিসেবেই ধরা হয়েছে। ফলে নির্দল প্রার্থীদের মতোই সীমিত কয়েকটি প্রতীক থেকে বেছে নিতে হয়েছে।


এই পরিস্থিতিতে আরও জটিলতা তৈরি হয়, যখন অন্য এক নির্দল প্রার্থীও একই ‘পাউরুটি’ প্রতীকের দাবি জানান। ফলে প্রতীক বরাদ্দ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। শেষমেশ নির্বাচন কমিশন টসের মাধ্যমে সিদ্ধান্ত নেয়। সেই টসেই হারতে হয় অজয় এডওয়ার্ডকে। তার ফলে তাঁর বহুদিনের পরিচিত প্রতীক ‘পাউরুটি’ হাতছাড়া হয়ে যায়। এখন তাঁকে ‘সাতরঙা কলমের নিব’ প্রতীক নিয়ে লড়াই করতে হবে। যাঁর বেকারির পাউরুটি দার্জিলিং জুড়ে এত জনপ্রিয়, সেই ব্যক্তির কাছ থেকেই ‘পাউরুটি’ প্রতীক চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।