পবিত্র রমজান মাস উপলক্ষে রাজ্যবাসীকে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন। পোস্টের শুরুতেই তিনি স্মরণ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। উদ্ধৃত করেন তাঁর বিখ্যাত গান— ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান’, যার মাধ্যমে বাংলার ঐক্যের বার্তা আবারও দেন তিনি।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, বাংলার পুণ্যভূমিতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সৃষ্টি স্থান-কাল-পাত্রের ঊর্ধ্বে উঠে সর্বজনীনতা ও মানবতার শিক্ষা দেয়। সেই একই শিক্ষা আমরা পাই শ্রীরামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দের জীবনীর মাধ্যমে। তাঁদের দর্শন ও বাণী আজও বাংলার সামাজিক চেতনায় গভীরভাবে প্রোথিত।
প্রতি বছরের মতো এবারও রমজান মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের নানা অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতা পুরসভার আয়োজিত ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে সমবেত প্রার্থনায় অংশ নিয়ে একতার বার্তা দেন। শুক্রবার সেই মুহূর্তগুলির ভিডিও শেয়ার করে তিনি লেখেন, রমজান মানবতা, সহমর্মিতা ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার এক বিশেষ সময়।
তাঁর বক্তব্যে স্পষ্ট, বাংলার আসল পরিচয় তার বহুত্ববাদী সংস্কৃতি ও দীর্ঘদিনের সম্প্রীতির ঐতিহ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়েই এগিয়ে চলাই এই রাজ্যের মূল শক্তি—রমজানের শুভক্ষণে সেই বার্তাই আবার তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।