তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৬, আহত ১৩

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। আহত হয়েছেন আরও ১৩ জন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার ইজমির প্রদেশের আলিয়াগা জেলায় হাবাস (HABAS) আয়রন অ্যান্ড স্টিল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মন্ত্রীসভার বৈঠকের পর টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে দুর্ঘটনার খবর নিশ্চিত করেন। তিনি জানান, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে বিচারবিভাগীয় ও প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। কারও গাফিলতি ছিল কি না, তাও তদন্ত করে দেখা হবে।

আঞ্চলিক গভর্নর সুলেমান এলবানের দাবি, কারখানায় একটি বয়লার বদলের কাজ চলছিল। সেই সময়ে একটি ক্রেন চুল্লির মধ্যে পড়ে যায়। তার জেরেই পাশের স্টিল মিলটিতে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময়ে কারখানার আশেপাশে প্রায় ২০০ জন শ্রমিক ছিলেন। সাধারণত সেখানে প্রায় ৩০০ জন কাজ করেন। বয়লার বদলের জন্য উৎপাদন বন্ধ থাকায় সেদিন শ্রমিকের সংখ্যা তুলনামূলক কম ছিল।


বিস্ফোরণের পর কারখানার ভিতরে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী নুরি আলি উলকের জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় মাটি কেঁপে উঠেছিল। আরও এক প্রত্যক্ষদর্শী ডেনিজ উলকের কথায়, প্রথমে তাঁর মনে হয়েছিল ভূমিকম্প হচ্ছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ও হতাহতদের উদ্ধারে জরুরি পরিষেবার কর্মীরা কাজ করছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ফ্রান্সে ৭০০-র বেশি প্রতিষ্ঠানে সাইবার হামলা, ইরানের আইআরজিসি-কে দায়ী প্যারিসের

গভর্নরের দপ্তর জানিয়েছে, দুপুরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার তদন্তে ৪ জন সরকারি কৌঁসুলিকে নিয়োগ করা হয়েছে। বেসরকারি সংবাদসংস্থা দেমিরোরেন নিউজ এজেন্সির প্রতিবেদন অনুয়ায়ী, এই ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।