হাওড়ায় ২৪ নম্বর নতুন প্ল্যাটফর্ম জুলাইতেই চালু, একাধিক স্টেশনে লিফট-এস্কেলেটর ও ফুটওভারব্রিজের ঘোষণা

Photo-ANI

হাওড়া স্টেশনকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করে তুলতে একগুচ্ছ পরিকাঠামোগত উন্নয়নের ঘোষণা করল পূর্ব রেল। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল হাওড়া স্টেশনে নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মের উদ্বোধন। ৬৩৫ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মটি নির্মাণে ব্যয় হয়েছে ২.৬৯ কোটি টাকা। রেল সূত্রে জানা গিয়েছে, চলতি জুলাই মাস থেকেই প্ল্যাটফর্মটি যাত্রী পরিষেবার জন্য চালু করা হবে।

একই সঙ্গে ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে। দীর্ঘ দূরত্বের বড় দৈর্ঘ্যের ট্রেন সহজে প্রবেশ ও দাঁড় করানোর সুবিধার জন্যই এই উদ্যোগ। এছাড়া হাওড়া স্টেশনে নতুন রুট রিলে ইন্টারলকিং (আরআরআই) ব্যবস্থার কাজও শুরু হয়েছে, যার ফলে ট্রেন চলাচল আরও সুরক্ষিত ও কার্যকর হবে বলে রেলের দাবি।

হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনেও পরিকাঠামো উন্নয়নের কাজ জোরকদমে চলছে। তারকেশ্বর, লিলুয়া, ডানকুনি, কাটোয়া, রামপুরহাট ও আজিমগঞ্জ স্টেশনে নতুন ফুটওভারব্রিজ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে অথবা শেষ পর্যায়ে পৌঁছেছে।


প্রতিবন্ধী, প্রবীণ ও সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনে লিফট বসানোর উদ্যোগও নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আটটি স্টেশনে ১৫টি লিফট চালু হয়েছে। আগামী পর্যায়ে হাওড়া, তারকেশ্বর, সাঁইথিয়া, বালি, রিষড়া, বেলুড়, শেওড়াফুলি, চন্দননগর, ব্যান্ডেল, লিলুয়াসহ একাধিক স্টেশনে নতুন লিফট বসানো হবে।

 

নিজস্ব চিত্র

 

 

এছাড়া প্রায় ৭৯ কোটি টাকা ব্যয়ে নয়টি স্টেশনে এস্কেলেটর বা চলমান সিঁড়ি বসানোর কাজ শুরু হয়েছে। বালি, শেওড়াফুলি, চন্দননগর, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, অম্বিকা-কালনা, কাটোয়া এবং আজিমগঞ্জ স্টেশনে এই পরিষেবা চালু করা হবে। রেলের আশা, এই সমস্ত প্রকল্প বাস্তবায়িত হলে হাওড়া ডিভিশনের যাত্রী পরিষেবা আরও আধুনিক, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে।

এছাড়া, যাত্রীদের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নিচ্ছে পূর্ব রেল। শনিবার, ৪ জুলাই হাওড়া স্টেশন থেকে শুরু হচ্ছে পূর্ব রেলের তৃতীয় পর্যায়ের স্বচ্ছতা সচেতনতা অভিযান। হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সে সকাল সাড়ে ১১টায় এই কর্মসূচির সূচনা করবেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর।

রেল সূত্রে জানা গিয়েছে, এই অভিযানে পরিচ্ছন্নতা সংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিও নেওয়া হবে। তা নিয়ে আকর্ষণ রয়েছে যাত্রীদের মধ্যেও।