‘লেনস্কেপ কেরালা’য় ভিক্টোরিয়ায় চোখ ধাঁধানো প্রকৃতির মেলা, কলকাতায় কেরালার রূপের উৎসব

কেরালার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও জীবনের বৈচিত্র্য এবার কলকাতার দর্শকদের সামনে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের দরবার হলে শুরু হয় সর্বভারতীয় ফটো প্রদর্শনী ‘লেনস্কেপ কেরালা’।

দেশের ১০ জন বিশিষ্ট ভ্রমণ ও মিডিয়া আলোকচিত্রীর তোলা প্রায় ১০০টি ছবির মাধ্যমে কেরালার অনন্য রূপ তুলে ধরা হয় এই প্রদর্শনীতে। ‘গডস ওন কান্ট্রি’ নামে পরিচিত এই রাজ্যের সবুজ প্রকৃতি, ব্যাকওয়াটার, উপকূলীয় জীবন এবং সংস্কৃতির নানা দিক ফুটে উঠেছে প্রতিটি ফ্রেমে।

কেরালা পর্যটন দপ্তর এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন ড. সায়ন ভট্টাচার্য। তিনি বলেন, ‘কেরালার প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐশ্বর্যকে কলকাতার মানুষের সামনে তুলে ধরার এই প্রয়াস দেশীয় পর্যটনকে উৎসাহিত করবে।’


প্রদর্শনীতে কেরালার সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, নদী ও ব্যাকওয়াটার, ঐতিহ্যবাহী স্থাপত্য, বন্যপ্রাণী, উৎসব, আধ্যাত্মিকতা, কৃষি ও উপকূলীয় জীবনের নানা ছবি স্থান পেয়েছে। আলোকচিত্রীরা জানান, গত বছরের ডিসেম্বর মাসে কেরালার বিভিন্ন প্রান্তে ঘুরে এই ছবিগুলি তোলা হয়েছে।

এই প্রদর্শনীর কিউরেশন করেছেন উমা নায়ার এবং তত্ত্বাবধানে রয়েছেন খ্যাতনামা আলোকচিত্রী বালান মাধবন। অংশগ্রহণকারী আলোকচিত্রীদের মধ্যে রয়েছেন এইচ সতীশ, শিবাং মেহতা, সৈবাল দাস, উমেশ গোগনা, সৌরভ চট্টোপাধ্যায়, নাতাশা কার্তার হেমরাজানি, ঐশ্বর্যা শ্রীধর, অমিত পাসরিচা, মনোজ অরোরা এবং কাউন্তেয় সিনহা।

২৭ থেকে ২৯ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্রদর্শনী দর্শকদের জন্য খোলা থাকে। পাশাপাশি ২৮ মার্চ বিকেল ২টো থেকে ৪টে পর্যন্ত একটি বিশেষ মাস্টারক্লাসের আয়োজন করা হয়, যেখানে অভিজ্ঞ আলোকচিত্রীরা তাঁদের কাজ ও অভিজ্ঞতা ভাগ করে নেন।

দেশজুড়ে সফরের অংশ হিসেবে নতুন দিল্লি থেকে শুরু করে ভাদোদরা, আহমেদাবাদ, মুম্বাই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ ও সুরাটে সাড়া ফেলার পর এবার কলকাতায় পৌঁছেছে এই প্রদর্শনী।

উদ্যোক্তাদের মতে, ‘লেনস্কেপ কেরালা’ শুধু একটি ফটো প্রদর্শনী নয়, বরং কেরালার প্রকৃতি, সংস্কৃতি ও জীবনযাত্রার এক জীবন্ত অভিজ্ঞতা, যা পর্যটনের নতুন দিগন্ত খুলে দিতে পারে।