১ অগস্ট থেকে স্ব-গণনা শুরু দক্ষিণ ২৪ পরগনায়, প্রস্তুতি সম্পূর্ণ: জেলাশাসক

PIC-SNS

২০২৭ সালের জনগণনাকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনা জেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন জেলার জেলাশাসক। তিনি জানান, আগামী ১ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত চলবে স্ব-গণনা (Self Enumeration) পর্ব। এরপর ১৬ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হবে হাউস লিস্টিং অপারেশন (House Listing Operation)। এই দুই ধাপের মাধ্যমে জনগণনার প্রথম পর্বের কাজ শেষ হবে।

 

জেলাশাসক জানান, জনগণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দক্ষিণ ২৪ পরগনায় মোট ৩৭টি চার্জ অফিস গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৯টি ব্লক, ৭টি পুরসভা এবং একটি শিল্পাঞ্চল টাউনশিপ। মাঠপর্যায়ের কাজের সুবিধার জন্য তৈরি করা হয়েছে ১৪,৩৯৯টি হাউস লিস্টিং ব্লক।


 

জনগণনার কাজে জেলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করবেন ১৭,২২২ জন গণনাকারী (এনিউমারেটর) এবং ২,৯৩৯ জন সুপারভাইজার। তাঁদের প্রশিক্ষণের জন্য জেলা জনগণনা দফতর এবং জেলা মাস্টার ট্রেনারদের তত্ত্বাবধানে ২৭৬ জন ফিল্ড ট্রেনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরবর্তীতে তাঁরাই সমস্ত গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দিয়েছেন। প্রশাসনের দাবি, ৩১ জুলাইয়ের মধ্যেই প্রশিক্ষণ পর্ব সম্পূর্ণ হয়েছে।

 

স্ব-গণনা পর্ব সফল করতে একাধিক সচেতনতামূলক কর্মসূচিও নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় স্ব-গণনা ডেমোনস্ট্রেশন সেন্টার, হেল্প ডেস্ক, ফ্যাসিলিটেশন ক্যাম্প, সচেতনতামূলক ট্যাবলো, আইইসি প্রচার এবং সোশ্যাল মিডিয়া প্রচার চালানো হবে। পাশাপাশি কমন সার্ভিস সেন্টার (CSC), সাইবার ক্যাফে, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র এবং স্থানীয় প্রশাসনিক সংস্থাগুলির সহযোগিতায় সাধারণ মানুষকে স্ব-গণনার প্রক্রিয়ায় অংশ নিতে সহায়তা করা হবে।

 

জেলাশাসক দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দাদের উদ্দেশে আবেদন জানিয়ে বলেন, ১ থেকে ১৫ অগস্টের মধ্যে সকলে স্ব-গণনা প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিন। একটি নির্ভুল, অন্তর্ভুক্তিমূলক এবং সফল জনগণনা নিশ্চিত করতে সাধারণ মানুষের সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।