ইতিহাস, বিশ্বাস আর পারিবারিক ঐতিহ্যের মেলবন্ধনে ৯৮ বছরে পা দিল রায়বাড়ির জগদ্ধাত্রী পুজো। এই বাড়ির কুলদেবী মা বিন্ধ্যবাসিনী। ১৯২৮ সালে বাড়ি তৈরির সময় মাটির নীচ থেকে উদ্ধার হয়েছিল দেবীর মূর্তি। সেই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় পুজো। প্রায় এক শতাব্দী ধরে নিষ্ঠার সঙ্গে সেই পুজোর ধারা বজায় রেখেছে রায় পরিবার।
অভিনেতা তথা প্রযোজক সুপ্রতিম রায় জানান, প্রথমে মাটির নীচ থেকে পাওয়া সেই মূর্তিতেই পুজো হত। কিন্তু পরবর্তী সময়ে মূর্তিটি চুরি হয়ে যায়। তার পর নতুন করে দেবীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়। সেই মূর্তিতেই আজও পুজো হয়ে আসছে। চলতি বছরে এই পুজো ৯৮ বছরে পা দিল।
রায়বাড়ির জগদ্ধাত্রী পুজোর অন্যতম বিশেষত্ব নবমীর আয়োজন। এই দিনেই সপ্তমী ও অষ্টমীর পুজো সম্পন্ন করা হয়। পুজোর পর হয় ধুনো পোড়ানোর অনুষ্ঠান। পরিবারের ছোট-বড় সকলেই তাতে অংশ নেন। ধুনো পোড়ানো শেষে পরিবারের সদস্যদের আশীর্বাদ করা হয়। নবমীর পুজো শেষ হলে চলে খাওয়াদাওয়া ও আনন্দ-উৎসব।
প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারের সদস্যদের অংশগ্রহণেই বেঁচে রয়েছে এই পুজোর ঐতিহ্য। ৯৮ বছর পরেও মা বিন্ধ্যবাসিনীকে ঘিরে রায় পরিবারের আবেগ ও বিশ্বাসে এতটুকু ভাটা পড়েনি।