আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধার (AI) ক্রমবর্ধমান দাপট কি অদূর ভবিষ্যতে চূড়ান্ত বেকারত্বের কারণ হতে চলেছে? এই প্রশ্নের উত্তরে এক চাঞ্চল্যকর ও ভয়ঙ্কর আশঙ্কার কথা শোনালেন শীর্ষস্থানীয় এআই প্রস্তুতকারক সংস্থা ‘অ্যানথ্রপিক’ (Anthropic)-এর এক গবেষক। ‘ক্লড’ (Claude) এআই-এর নির্মাতা এই সংস্থার এআই সুরক্ষাবিধি নিয়ে কর্মরত গবেষক টাও লিন (Tao Lin) দাবি করেছেন, আর মাত্র ১৫ মাসের মধ্যেই দুনিয়ায় ‘সুপারহিউম্যান এআই’ (superhuman AI) রাজত্ব শুরু করতে পারে। এর ফলে পৃথিবীর প্রায় সমস্ত মানুষ চিরস্থায়ী ভাবে কর্মহীন হয়ে পড়বেন এবং বেঁচে থাকার জন্য তাঁদের পুরোপুরি সরকারি ভাতার (government welfare) ওপর নির্ভর করতে হবে।
১৫ মাসের মধ্যেই সুপারহিউম্যান
ফ্রন্টিয়ার এআই সিস্টেমের বিপদ এবং সাইবার ঝুঁকি নিয়ে কাজ করা আমেরিকার স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্যালিসেড রিসার্চ’কে (Palisade Research) দেওয়া একটি সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানিয়েছেন লিন। তাঁর মতে, আগামী ১৫ মাসের মধ্যে কৃত্রিম মেধা এমন একটি স্তরে পৌঁছে যাবে, যেখানে তা বিশ্বের তাবড় মানব-বিশেষজ্ঞদের অনায়াসে ছাপিয়ে যেতে পারবে। অত্যন্ত জটিল ও বিশেষায়িত পেশার কাজও তখন এআই-এর হাতের মুঠোয় চলে আসবে।
লিনের কথায়, পৃথিবীর প্রায় সমস্ত মানুষ স্থায়ী ভাবে কর্মহীন হয়ে পড়বে। নিজেদের টিকিয়ে রাখার জন্য তাঁদের পুরোপুরি সরকারি অনুদানের ওপর নির্ভর করতে হবে। মানুষের কর্মসংস্থান বিষয়টা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। তবে তিনি এ-ও জানিয়েছেন যে, অত্যন্ত বুদ্ধিমান এআই চলে এলেও রাতারাতিই সবাই চাকরি হারাবেন না। কারণ, এই প্রযুক্তিকে বাস্তবিক স্তরে পুরোদমে প্রয়োগ করার জন্য যে বিশাল পরিকাঠামো এবং উন্নত রোবোটিক্সের প্রয়োজন, তা তৈরি হতে বেশ কিছুটা সময় লাগবে।
অ্যানথ্রপিকের নিজস্ব গবেষণা
লিনের এই পূর্বাভাস তাঁর ব্যক্তিগত মতামত হলেও, অ্যানথ্রপিকের নিজস্ব গবেষণায় কিন্তু এত দ্রুত বিপদের আশঙ্কা করা হয়নি। গত মার্চ মাসে প্রকাশিত অ্যানথ্রপিকের অর্থনীতিবিদ ম্যাক্সিম ম্যাসেনকফ এবং পিটার ম্যাক্রোরির একটি সমীক্ষায় কৃত্রিম মেধার তাত্ত্বিক ক্ষমতা এবং বাস্তব কর্মক্ষেত্রে তার ব্যবহারের মধ্যে বিস্তর ফারাক লক্ষ করা গিয়েছে।
সমীক্ষায় দেখা গিয়েছে, ২০২২ সালের শেষের দিক থেকে এআই-নির্ভর পেশাগুলিতে কর্মীদের বেকারত্বের হারে কোনও ধারাবাহিক বৃদ্ধি ঘটেনি। শুধু কিছু ক্ষেত্রে তরুণ কর্মীদের নিয়োগ কিছুটা কমেছে। গবেষকদের মতে, তাত্ত্বিক ভাবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) কম্পিউটার ও গণিত সংক্রান্ত পেশার ৯৪ শতাংশ কাজ করে দিতে পারলেও, বাস্তবে কর্মক্ষেত্রে তার ব্যবহার মাত্র ৩৩ শতাংশ। এমনকি প্রোগ্রামারদের কাজের ৭৫ শতাংশ এআই করতে সক্ষম হলেও, রাতারাতি সেই পেশা অবলুপ্ত হয়ে যাওয়ার কোনও পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
২০৫০-এর অর্থনীতি
এ দিকে, গত মার্চ মাসে ‘ফোরকাস্টিং রিসার্চ ইনস্টিটিউট’-এর প্রকাশিত অন্য একটি গবেষণায় এআই-এর সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে, কৃত্রিম মেধার দ্রুত অগ্রগতির ফলে ২০৫০ সালের মধ্যে আমেরিকার শ্রমশক্তিতে মানুষের অংশগ্রহণের হার ৬২ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশে নেমে আসতে পারে। এর অর্থ, শুধু আমেরিকাতেই প্রায় ১ কোটি মানুষ এআই-এর কারণে চাকরি হারাবেন।
এই আসন্ন বিপর্যয়ের মোকাবিলায় বিশেষজ্ঞরা কর্মীদের নতুন প্রযুক্তির প্রশিক্ষণ (worker retraining) দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। পাশাপাশি অর্থনীতি ও সমাজতত্ত্ববিদদের বড় অংশের মতে, পরিস্থিতি সামাল দিতে ভবিষ্যতে ‘ইউনিভার্সাল বেসিক ইনকাম’ (UBI) বা সরকারের তরফে নিশ্চিত আয়ের গ্যারান্টির মতো পদক্ষেপ করা ছাড়া আর কোনও উপায় থাকবে না।