আসন্ন বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে জট ক্রমেই কাটছে। কিছুটা লোকসান স্বীকার করেই ভারতে বিশ্বকাপ সম্প্রচারের চুক্তি করতে চলেছে ফিফা। বর্তমানে, ফিফা এবং জি নেটওর্য়াকের মধ্যে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। হয়তো আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।
জানা গিয়েছে, প্রায় ৩ থেকে ৩.৫ কোটি মার্কিন ডলারের প্রস্তাবিত চুক্তির আওতায় টেলিভিশন ও ডিজিটাল দুই মাধ্যমেই বিশ্বকাপ সম্প্রচার করবে জি। বিশ্বকাপের সবকটি ম্যাচ দেখা যাবে জি এর ডিজিটাল প্ল্যাটফর্মেও। ভারতে বিশ্বকাপ সম্প্রচারের জন্য হিন্দি ও ইংরেজির পাশাপাশি একাধিক আঞ্চলিক ভাষার ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞদের নিয়ে সম্প্রচার দল গঠনের কাজও ইতিমধ্যেই শুরু করেছে তারা।
অন্যদিকে, চুক্তি চূড়ান্ত হলে ক্রীড়া সম্প্রচারের ক্ষেত্রে ফের একবার প্রত্যাবর্তন ঘটাবে জি। বিশ্বকাপের মোট ১০৪ টি ম্যাচের সবকটিই তারা টেলিভিশন ও ডিজিটাল দুই মাধ্যমেই সম্প্রচার করবে। এই প্রসঙ্গে বলা যায়, সম্প্রচার স্বত্বের দৌড়ে প্রথমে রিলায়েন্স-ডিজনির সঙ্গে আলোচনা হলেও তা সফল হয়নি। সোনি আগ্রহ দেখালেও শেষপর্যন্ত আনুষ্ঠানিক বিড জমা দেয়নি। ফলে, যদি শেষপর্যন্ত জি ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পায়, তাহলে তা ভারতের ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর হয়ে উঠতে চলেছে।