আইপিএল থেকে ধোনির অবসরের খবরে চমকে যান জাহির, কী ভাবে খবরটা তাঁকে দিয়েছিলেন মাহি, জানালেন নয়া কোচ

MS Dhoni-Zaheer Khan Photo-SNS

আইপিএলে আর হলুদ জার্সি গায়ে মাঠে নামবেন না মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘ ১৯ বছরের বর্ণময় আইপিএল কেরিয়ারে ইতি টেনে নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। এ বার থেকে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মেন্টরের দায়িত্ব সামলাবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ধোনির এই সিদ্ধান্তে আবেগপ্রবণ চেন্নাই শিবির। ব্যতিক্রম নন দলের নতুন প্রধান কোচ জাহির খানও।

ধোনির অবসরের সিদ্ধান্ত তাঁকেও অবাক করেছে। তবে একই সঙ্গে নতুন ভূমিকায় মাহিকে পাশে পেয়ে খুশিও হয়েছেন তিনি। জাহিরের আশা, ধোনির অভিজ্ঞতা আগামী মরসুমে তাঁর কাজ অনেকটাই সহজ করে দেবে।

সিএসকের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ধোনির নতুন ভূমিকা নিয়ে মুখ খুলেছেন জাহির। বলেছেন, ‘গত এক সপ্তাহ আমাদের সকলের কাছেই আবেগের ছিল। মনের মধ্যে মিশ্র অনুভূতি কাজ করছে। প্রতি বছরই আশা থাকে, এ বারও ধোনিকে দলের হয়ে খেলতে দেখা যাবে। এ বারও তাঁকে দেখা যাবে ঠিকই, তবে অন্য ভূমিকায়। সেই কারণেই আবেগের এই টানাপড়েন’।


ধোনির সঙ্গে সিএসকের সম্পর্ক কতটা গভীর, তাও মনে করিয়ে দিয়েছেন জাহির। তাঁর কথায়, ‘ক্রিকেটে ধোনির যাত্রা অসাধারণ। এন শ্রীনিবাসন ঠিকই বলেছেন, ধোনি ছাড়া সিএসকে হয় না। কথাটা একেবারেই সত্যি’।

খেলোয়াড় হিসাবে ধোনিকে আর ড্রেসিংরুমে না পাওয়া গেলেও মেন্টর হিসাবে তাঁর অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পেয়ে খুশি জাহির। বলেন, ‘ব্যক্তিগত ভাবে আমারও মিশ্র অনুভূতি হচ্ছে। কারণ, আগামী মরসুমে ওকে আর খেলোয়াড় হিসাবে পাওয়া যাবে না। তবে ও আমার সঙ্গে দায়িত্ব ভাগ করে নেওয়ায় আমার কাজ অনেক সহজ হয়ে যাবে, আমাদের সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে এবং মেন্টর হিসাবে পাশে থাকবে। এই বিষয়টা ভেবেই আমি উত্তেজিত। অপেক্ষায় রয়েছি’।

ধোনি যে আইপিএল থেকে সরে দাঁড়াতে পারেন, তা আগে থেকে আঁচ করতে পারেননি জাহির। আগামী মরসুমের দল গঠন, ক্রিকেটারদের ধরে রাখা এবং নিলামের পরিকল্পনা নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। ফলে ধোনির সিদ্ধান্ত তাঁর কাছে ছিল অপ্রত্যাশিত।

এ কথা জানিয়ে জাহির বলেন, ‘একেবারেই ভাবিনি যে, ও এই সিদ্ধান্ত নেবে’। ধোনি যে তাঁকে একেবারে স্বাভাবিক কথাবার্তার মধ্যেই বিষয়টি জানিয়েছিলেন, তাও বলেন জাহির। বলেন, ‘খুব সাধারণ ভাবে কথাটা জানিয়েছিল মাহি। কথাবার্তার মধ্যেই হঠাৎ বলেছিল, এ বার নিলামে খরচ করার জন্য তোমাদের হাতে কিছু অতিরিক্ত টাকা থাকবে’।

গত তিন মরসুমে এক বারও আইপিএলের প্লে-অফে উঠতে পারেনি সিএসকে। পাঁচ বারের চ্যাম্পিয়নদের সামনে তাই নতুন মরসুমে ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ। ২০২৭-এর আইপিএলে মেন্টর হিসাবে ধোনির উপস্থিতি চেন্নাইয়ের নতুন দল গঠনের প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ হতে পারে। মাঠের বাইরে থেকে তরুণ ক্রিকেটারদের পরামর্শ দেওয়া থেকে শুরু করে কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া—সব ক্ষেত্রেই মাহির অভিজ্ঞতার উপর ভরসা করতে চাইছে সিএসকে। অর্থাৎ, হলুদ জার্সিতে ধোনির খেলোয়াড়জীবন শেষ হলেও চেন্নাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হচ্ছে না। বরং শুরু হচ্ছে নতুন অধ্যায়।