লর্ডসে শেষ লাল বলের অধ্যায়, ৩৬-এ প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় চাহালের

PIC-X

লর্ডসেই শেষ হল যুজবেন্দ্র চাহালের প্রথম শ্রেণির ক্রিকেটের অধ্যায়। ৩৬ বছর বয়সে লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় লেগস্পিনার। সঙ্গে শেষ হল তাঁর দীর্ঘ দিনের টেস্ট খেলার স্বপ্নও। তবে সাদা বলের ক্রিকেটে এখনও থামতে নারাজ চাহাল। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ফের ভারতীয় দলে জায়গা করে নেওয়ার লড়াই চালিয়ে যেতে চান তিনি।

ভারতের হয়ে ৭২টি ওয়ানডে এবং ৮০টি টি-টোয়েন্টি খেললেও টেস্ট দলে কখনও জায়গা হয়নি চাহালের। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার মতো দুই তারকা স্পিনারের উপস্থিতিতে লাল বলের ক্রিকেটে জাতীয় দলের দরজা তাঁর জন্য খোলেনি। বিদায়ী বার্তায় চাহাল জানিয়েছেন, তাঁর কাছে প্রথম শ্রেণির ক্রিকেট কখনও শুধুমাত্র একটি ফরম্যাট ছিল না। এই ক্রিকেটই তাঁকে ধৈর্য, চরিত্র এবং লড়াইয়ের মানসিকতা শিখিয়েছে।

২০০৯ সালে হরিয়ানার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় চাহালের। ৪৯টি ম্যাচে তাঁর সংগ্রহ ১৪৮ উইকেট। বোলিং গড় ৩২.২৭। ২০২৬ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপে নর্দাম্পটনশায়ারের হয়ে দ্বিতীয় ডিভিশনে ২১টি উইকেট নিয়েছেন তিনি। বোলিং গড় ছিল ১৬.১৪।


প্রথম শ্রেণির ক্রিকেটে চাহালের শেষ ম্যাচটিও হল ঐতিহাসিক লর্ডসে। মিডলসেক্সের বিরুদ্ধে সেই ম্যাচে নর্দাম্পটনশায়ার সাত উইকেটে হেরে যায়। লর্ডসে দাঁড়িয়েই বিদায়ের কথা ঘোষণা করে চাহাল বলেন, শেষ প্রথম শ্রেণির ম্যাচটি সেখানে খেলা তাঁর কাছে আবেগের মুহূর্ত। টেস্ট ক্যাপ পরা তাঁর দীর্ঘ দিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ না হলেও নিজের ক্রিকেটজীবনের পথচলায় তিনি তৃপ্ত।

হরিয়ানার হয়ে লাল বলের ক্রিকেট অবশ্য বেশ কয়েক বছর ধরেই অনিয়মিত হয়ে পড়েছিল চাহালের। ২০১৬-১৭ মরশুমে শেষ বার দুটির বেশি রঞ্জি ম্যাচ খেলেছিলেন তিনি। সেই মরশুমে সাত ম্যাচে ৩৩টি উইকেট নিয়েছিলেন। তাঁর বোলিং গড় ছিল ২২.৬০।

তবে লাল বলকে বিদায় জানালেও সাদা বলের ক্রিকেটে এখনও ভবিষ্যৎ দেখছেন চাহাল। ২০২৩ সালের অগস্টের পর ভারতীয় দলের হয়ে আর মাঠে নামেননি তিনি। তবু জাতীয় দলে ফেরার স্বপ্ন ছাড়েননি। আইপিএলে নিয়মিত খেলছেন এই লেগস্পিনার। প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় থাকা চাহাল বর্তমানে পঞ্জাব কিংসের হয়ে খেলছেন।

 

 

বিদায়ী বার্তায় চাহাল স্পষ্ট করে দিয়েছেন, দেশের হয়ে খেলার ইচ্ছা এখনও একই রকম। তাঁর কথায়, তিনি এখনও নিজেকে শেষ মনে করছেন না। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে আরও একটি সুযোগ পাওয়ার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাবেন।

হরিয়ানা ক্রিকেট সংস্থার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন চাহাল। পুরো ক্রিকেটজীবনে পাশে থাকার জন্য হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁদের আস্থা এবং সমর্থনের কথাও উল্লেখ করেছেন ভারতীয় স্পিনার।

শেষে ফিরে গিয়েছেন ক্রিকেটজীবনের শুরুর দিনগুলিতে। ১০ বছর বয়সে প্রথম বার হাতে লাল বল তুলে নেওয়া থেকে শুরু করে লর্ডসে শেষ প্রথম শ্রেণির ম্যাচ—এই দীর্ঘ যাত্রাকেই জীবনের অসাধারণ অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন চাহাল। লাল বলের ক্রিকেটে ইতি পড়লেও সাদা বলের ক্রিকেটে তাঁর লড়াই এখনও শেষ হয়নি।