শেষ মুহূর্তে নাটকীয় গোল বাতিলে অনিশ্চিত ইরান, প্রথমবার নক আউটে মিশর

ইরানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ড্র করে এই প্রথম বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে ফেলল মিশর। তবে ইরানকে এখন অপেক্ষা করতে হবে—এই এক পয়েন্ট তাদের টুর্নামেন্টের সেরা আটটি তৃতীয়-স্থান অধিকারী দলের অন্যতম হিসেবে শেষ ৩২-এ ওঠার জন্য যথেষ্ট কি না, সেই সম্পর্কে নিশ্চিত হতে।

গ্রুপ জি-তে রানার্স-আপ হিসেবে শেষ করা মিশর এখন শেষ ৩২-এর লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্যদিকে, বিশ্বকাপে ইরানের ভাগ্য এখন নির্ভর করছে গ্রুপ জে, কে এবং এল-এর বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর।

এদিন বেলজিয়াম ও স্পেন নিজেদের গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করেছে। একই দিনে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ইতিহাস গড়ে ক্ষুদ্র দেশ কেপ ভার্দেও নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, পর্যাপ্ত গোল করার সুবাদে সেরা তৃতীয়-স্থান অধিকারী দলগুলোর অন্যতম হিসেবে শেষ ৩২-এ উঠেছে সেনেগাল। তবে নিউজিল্যান্ড, সৌদি আরব এবং দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে।


সিয়াটেলে ম্যাচের শুরুটা দারুণভাবে করে মিশর। পাঁচ মিনিটের মাথায় মোহাম্মদ সালাহর ডিফ্লেক্ট হয়ে যাওয়া ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ প্রতিহত করলেও ফিরতি বলে কাছ থেকে সহজেই জালে বল জড়িয়ে দেন মাহমুদ সাবের, তাতেই এগিয়ে যায় মিশর।
তবে নবম মিনিটেই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়ে যায় ইরান।

মোহাম্মদ আবদেলমোনেমের ফাউলে বক্সের মধ্যে মেহদি তারেমিকে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় তারা। কিন্তু তারেমির নেওয়া স্পট-কিক দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তাফা শোবেইর।

এরপর ১৪ মিনিটের মাথায় মিলাদ মোহাম্মাদির দুর্দান্ত শটও অসাধারণ দক্ষতায় রুখে দেন মোস্তাফা শোবেইর। তবে ফিরতি বলে সবার আগে পৌঁছে যান রামিন রেজাইয়ান। অত্যন্ত কঠিন কোণ থেকেও তিনি নিখুঁত শটে বল জালে জড়িয়ে ইরানকে সমতায় ফেরান।

ম্যাচের শেষদিকে নাটকীয়ভাবে জয়সূচক গোলের খুব কাছাকাছি পৌঁছে যায় ইরান। সেই গোল হলে তারা হোসাম হাসানের মিশরকে টপকে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে যেত। কিন্তু সংযুক্ত সময়ে শোজাই খলিলজাদেহর করা গোলটি ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এর পরও সাঈদ এজাতোলাহির শট দুর্দান্তভাবে আটকে মিশরকে রক্ষা করেন গোলরক্ষক শোবেইর।

এ দিন ভ্যাঙ্কুবারে ‘জি’ গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়াম ৫-১-এ হারায় নিউজিল্যান্ডকে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় রোমেলু লুকাকুর হেডে ভর করে গ্রুপের এক নম্বর জায়গাটা নিশ্চিত করে ফেলে বেলজিয়াম। এর ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল নিউজিল্যান্ডকে। ২৮তম মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার্ড গোল করে দলকে এগিয়ে দেন।

এর পর ৫০ মিনিটে তিনি তাঁর দ্বিতীয় গোলটি করেন। এ ছাড়া ডিব্রুইন (৬৬) ও সংযুক্ত সময়ে সেলেমেকার্স গোল করেন। ৮৪ মিনিটে এলিজা জাস্ট একটি গোল শোধ করেন।মেক্সিকোর গুয়াদালাজারায় ৪২ মিনিটে অ্যালেক্স বায়েনার গোলে উরুগুয়েকে হারিয়ে নক আউট পর্ব থেকে তাদের ছিটকে দেয়।

আগামী ২ জুলাই গ্রুপ ‘জে’-র রানার্স আপের মুখোমুখি হবে স্পেন। টরন্টোয় এ দিন সেনেগাল ৫-০-য় ইরাককে হারিয়ে নক আউটের দোরগোড়ায় চলে গেল। এই জয়ের ফলে সেরা আটটি তৃতীয়-স্থান অধিকারী দলের অন্যতম হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে তাদের।

তবে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে কি না, তা জানতে পাপে থিয়াওয়ের দলকে এখন অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফল তাদের পক্ষে যায় কি না।হিউস্টনে সৌদি আরবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে বিশ্বকাপে রূপকথার গল্প লিখে ফেলল কেপ ভার্দে। গ্রুপ ‘এইচ’ থেকে গ্রুপ রানার্স-আপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে ইতিহাস গড়ে ফেলে তারা।

‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়ে চমক দেখিয়েছিল। এরপর উরুগুয়ের সঙ্গেও ২-২ ড্র করে নিজেদের যোগ্যতার প্রমাণ দেয় তারা। আর এদিন সৌদি আরবের বিরুদ্ধে গোলশূন্য ড্র এবং একই সময়ে স্পেন তাদের ম্যাচে উরুগুয়েকে হারানোর ফলে কেপ ভার্দে ও স্পেন—দুই দলই শেষ ৩২-এ ওঠা নিশ্চিত করে।শেষ ৩২-এ আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে।

এই রাউন্ডে যে দ্বৈরথগুলি এখন পর্যন্ত নিশ্চিত হয়ে গেল, সেগুলি হল- দ. আফ্রিকা বনাম কানাডা (২৯ জুন, রাত ১২.৩০), ব্রাজিল বনাম জাপান (২৯ জুন, রাত ১০.৩০), জার্মানি বনাম প্যারাগুয়ে (৩০ জুন, রাত ২.০০), নেদারল্যান্ডস বনাম মেক্সিকো (৩০ জুন, ভোর ৬.৩০), আইভরি কোস্ট বনাম নরওয়ে (৩০ জুন, রাত ১০.৩০), ফ্রান্স বনাম সুইডেন (১ জুলাই, রাত ২.৩০), মার্কিন যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হারজাগোভিনা (২ জুলাই, ভোর ৫.৩০), অস্ট্রেলিয়া বনাম মিশর (৩ জুলাই, রাত ১১.৩০), আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে (৪ জুলাই, ভোর ৩.৩০)। আরও সাতটি ম্যাচের লাইন-আপ এখনও বাকি আছে।