সেমিফাইনালের লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই ভারত-দক্ষিণ আফ্রিকার, কী সমীকরণে শেষ চারে উঠতে পারে হরমনপ্রীতরা?

মেয়েদের টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। ইতিমধ্যেই আয়োজক ইংল্যান্ড সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। তবে গ্রুপ ‘এ’ থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্ট কে হবে, তা নিয়ে জমে উঠেছে লড়াই। অঙ্কের দিক থেকে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ—তিন দলেরই সুযোগ থাকলেও ৬ পয়েন্ট করে পেয়ে সবচেয়ে ভাল জায়গায় রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

ভারত (২.২৭) বর্তমানে নেট রানরেটে দক্ষিণ আফ্রিকার (০.৭৩) চেয়ে এগিয়ে। তবে শেষ ম্যাচে হরমনপ্রীত কৌরের দলের সামনে রয়েছে কঠিন পরীক্ষা—শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ। ফলে শেষ চারে ওঠার দৌড়ে দুই দলের ভাগ্যই নির্ভর করছে শেষ লিগ ম্যাচের ফলাফলের ওপর।

ভারতের জন্য সমীকরণ তুলনামূলকভাবে সহজ। অস্ট্রেলিয়াকে হারাতে পারলে অন্য কোনও সমীকরণের দিকে তাকাতে হবে না, সরাসরি সেমিফাইনালে উঠে যাবে ভারত। এমনকি ভারত হারলেও সুযোগ পুরোপুরি শেষ হয়ে যাবে না। যদি দক্ষিণ আফ্রিকাও বাংলাদেশের কাছে হেরে যায়, তাহলে নেট রানরেটের ভিত্তিতে ভারত শেষ চারে উঠতে পারে। নেট রানরেটে এখন ভারতের অবস্থান ভাল হওয়ায় সেই সুবিধা তাদের হাতেই রয়েছে।


দক্ষিণ আফ্রিকার সমীকরণও পরিষ্কার। তারা যদি বাংলাদেশকে হারায় এবং অস্ট্রেলিয়া ভারতকে পরাজিত করে, তাহলে সরাসরি সেমিফাইনালে চলে যাবে। কিন্তু বাংলাদেশের কাছে হারলে তাদের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে। কারণ, সে ক্ষেত্রে নেট রানরেটেও বড় ধরনের ক্ষতি হবে।বাংলাদেশের সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ না হলেও তা কার্যত অসম্ভবের পর্যায়ে।

সেমিফাইনালে উঠতে হলে তাদের দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে—প্রায় ১০০ রানে—হারাতে হবে। পাশাপাশি ভারতকে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারতে হবে, যাতে নেট রানরেটে বাংলাদেশ এগিয়ে যেতে পারে। এই সমীকরণ বাস্তবায়নের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।সব মিলিয়ে গ্রুপ ‘এ’-তে সেমিফাইনালের শেষ টিকিটের লড়াই এখন ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যেই সীমাবদ্ধ।ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আর দক্ষিণ আফ্রিকার সামনে অপেক্ষাকৃত সহজ বাংলাদেশ। ফলে শেষ লিগ ম্যাচ দুটিই নির্ধারণ করবে ইংল্যান্ডের সঙ্গী হিসেবে কোন দল সেমিফাইনালে জায়গা করে নেবে।

বৃহস্পতিবার বাংলাদেশকে পাঁচ উইকেটে হারানোর পর ভারতীয় দলনেত্রী হরমনপ্রীত কৌর পরবর্তী ম্যাচের চ্যালেঞ্জ নিয়ে বলেন, ‘আমার মনে হয়, অস্ট্রেলিয়া আমাদের সবচেয়ে প্রিয় প্রতিপক্ষগুলোর একটি। আশা করি, সেদিন আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে পারব। আমরা জানি এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই কার্যত বাঁচা-মরার লড়াই। কখনও কখনও সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। তখন নিজের সেরাটা উজাড় করে দেওয়াই একমাত্র পথ। আমার মনে হয়, এই ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এটি জিততে পারি, তাহলে অবশ্যই সেই জয় থেকে প্রচুর আত্মবিশ্বাস পাব। এর আগে নভি মুম্বইয়ে ওদের বিরুদ্ধে আমাদের শেষ জয়টি আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে এবং দীর্ঘদিনের অনেক মানসিক বাধা ভেঙে দিয়েছে। আশা করি, সেদিন আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে পারব।’ এ দিনের ম্যাচে বাংলাদেশকে ২০ ওভারে ১৩৬-৮-এ বেঁধে রাখার পর ভারত ১৬.৫ ওভারে তা তুলে ফেলে।