আগামী মরশুমে মুম্বইয়ের ব্যাটন ফের রোহিতের হাতেই?

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের ব্যাটন কি ফের আসবে রোহিত শর্মার হাতে? প্রবল হয়েছে এই জল্পনা। আসলে তিনটি পূর্ণ আইপিএল মরসুম কেটে যাওয়ার পর এখন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত কার্যত ব্যর্থ হয়েছে। পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি যখন রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্ব তুলে দিয়েছিল, তখন সেই সিদ্ধান্ত নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। ফ্র্যাঞ্চাইজির দাবি ছিল, ভবিষ্যতের কথা ভেবেই এই পরিবর্তন। কিন্তু মাঠের ফলাফল এখন সেই যুক্তিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

হার্দিকের নেতৃত্বে ২০২৪ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে শেষ করেছিল। ২০২৫-এ খালি হাতে ফিরতে হয়েছিল তাদের। আর চলতি মরসুমেও একই ছবি দেখা গিয়েছে। ব্যাটিং, বোলিং কিংবা দল নির্বাচন—সব ক্ষেত্রেই ধারাবাহিকতার অভাব স্পষ্ট হয়েছে। সমর্থকদের একাংশও এখনও রোহিতকে অধিনায়ক হিসেবে ফিরে পাওয়ার দাবি তুলছেন।

এই পরিস্থিতিতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি বিস্ফোরক মন্তব্য করেছেন। তাঁর মতে, মুম্বই ইন্ডিয়ান্সের ঐতিহ্য রোহিত শর্মার নেতৃত্বেই গড়ে উঠেছিল। কিন্তু গত কয়েক বছরে সেই ঐতিহ্য চোখের সামনে ভেঙে যেতে দেখছেন রোহিত। মনোজ বলেন, ‘রোহিত শুধু একজন অধিনায়ক নন, মুম্বই ইন্ডিয়ান্সের পরিচয় তৈরি করেছে। সেই দলের আজ এই অবস্থা দেখে খারাপ লাগাটাই স্বাভাবিক।‘


তিনি আরও দাবি করেন, আগামী মরসুমে ফের রোহিত শর্মার হাতেই নেতৃত্ব তুলে দেওয়া উচিত। মনোজের মতে, রোহিতের অভিজ্ঞতা, ড্রেসিংরুমে প্রভাব এবং বড় ম্যাচ সামলানোর ক্ষমতা এখনও দলের সবচেয়ে বড় শক্তি হতে পারে। যদিও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি, তবু ক্রমশ বাড়তে থাকা চাপ যে মুম্বই শিবিরকে ভাবাচ্ছে, তা স্পষ্ট।