বৃষ্টি কি ফের ভেস্তে দেবে ভারত-শ্রীলঙ্কা সেমিফাইনাল? আবহাওয়ার পূর্বাভাসে কোন ইঙ্গিত?

Photo: X

এশিয়ান গেমসে এখনও পর্যন্ত একটি বলও খেলতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। বৃষ্টির কারণে আফগানিস্তানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ভেস্তে যাওয়ায় সরাসরি সেমিফাইনালে উঠেছে শ্রেয়স আইয়ারের দল। কিন্তু সেখানেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে না তো? বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনালের আগে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটমহলে।

তবে আপাতত স্বস্তির খবর। আবহাওয়ার পূর্বাভাস বলছে, নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে বৃহস্পতিবার ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা কম। AccuWeather-এর পূর্বাভাস অনুযায়ী, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃষ্টির সম্ভাবনা মাত্র এক শতাংশ।

কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। একটি বলও খেলা সম্ভব হয়নি। ফলে চারটি দলই আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে উঠেছে। ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার, অন্য সেমিফাইনালে খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।


সেমিফাইনালে বৃষ্টি নামলে কী হবে?

কিন্তু বৃহস্পতিবারও যদি বৃষ্টি ম্যাচ হতে না দেয়, তা হলে কী হবে? সেক্ষেত্রে ভারতই উঠে যাবে ফাইনালে। কারণ শ্রীলঙ্কার তুলনায় আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে। অর্থাৎ, ম্যাচ পরিত্যক্ত হলে র‌্যাঙ্কিংয়ের বিচারে ভারতকে ফাইনালের টিকিট দেওয়া হবে।

গত এশিয়ান গেমসেও একই ধরনের পরিস্থিতিতে লাভ হয়েছিল ভারতের। ২০২৩ হাংঝৌ এশিয়াডে আফগানিস্তানের বিরুদ্ধে ফাইনাল বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সোনা পেয়েছিল ভারত। এ বারও সোনা ধরে রাখার লক্ষ্য নিয়েই নামছে ভারতীয় শিবির।

তবে ভারতীয় শিবির শুধু বৃষ্টির মুখাপেক্ষী হয়ে থাকতে চাইছে না। ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জু স্যামসন জানিয়েছেন, বৃষ্টির জন্য অনুশীলন ব্যাহত হলেও দল নিজেদের মধ্যে সময় কাটিয়েছে, জিমে ট্রেনিং করেছে এবং ম্যাচের কৌশল নিয়ে আলোচনা করেছে।

সঞ্জুর কথায়, ‘এখানে ভালই বৃষ্টি হয়েছে। আমরা দলের বিভিন্ন কাজ করেছি, প্রতিদিন অনুশীলনের চেষ্টা করেছি। পাশাপাশি জিমে ট্রেনিং ও কন্ডিশনিং চলেছে। একসঙ্গে সময় কাটিয়ে ক্রিকেট, দলের কম্বিনেশন এবং কৌশল নিয়ে আলোচনা করেছি। কারণ, হঠাৎ করে একটা বড় সেমিফাইনাল খেলতে নামার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকতে হয়।”

বুধবার অবশ্য পরিস্থিতি বদলেছে। রোদ উঠেছে, মাঠের কভারও সরানো হয়েছে। ফলে ভারতীয় দল অনুশীলনেরও সুযোগ পেয়েছে। সঞ্জু বলেছেন, ‘আজ ভাল রোদ উঠেছে। মাঠের কভার সরানো হয়েছে। তাই উইকেট দেখার সুযোগ পাব। তার পরেই সিদ্ধান্ত নেব’।

দলের উইকেটরক্ষক-ব্যাটার আরও জানিয়েছেন, দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর মাঠে নামতে মুখিয়ে রয়েছেন তাঁরা। তাঁর কথায়, ‘আমরা সবাই একটা ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছি। আশা করছি, কাল সব কিছু ঠিকঠাক হবে’।

অর্থাৎ, আপাতত আকাশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ভারতকে। পূর্বাভাস বলছে রোদ থাকবে। কিন্তু নিশিনে গত কয়েক দিনের বৃষ্টির স্মৃতি এখনও টাটকা। তাই ম্যাচ শুরু না হওয়া পর্যন্ত শান্তি নেই শ্রেয়স আইয়ারদের। ম্যাচ শুরুর আগে পর্যন্ত মেঘের আনাগোনা যে নজরে থাকবে, তা বলাই যায়।