বাদ সূর্যকুমার, টি টোয়েন্টি দলের নয়া অধিনায়ক কে?

বিশ্বকাপজয়ী ভারতীয় টি ২০দলের অধিনায়কের পদ থেকে সূর্যকুমার যাদবকে অব্যহতি দেওয়ার সিদ্ধান্ত প্রায় পাকা হয়েই গিয়েছে। তাঁর নেতৃত্বে ভারত সম্প্রতি টি ২০ বিশ্বকাপ জিতলেও তাঁর ব্যাটিং ফর্মের জন্য নেতৃত্ব হারাতে হবে সূর্যকে।

ভারতের আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে টি টোয়েন্টি দলেও তাঁর জায়গা হওয়া কঠিন বলে জানিয়েছেন এক বোর্ড কর্তা। সংবাদমাধ্যমকে এই কর্তা জানিয়েছেন, ‘নির্বাচকদের কমিটি, বোর্ড, টিম ম্যানেজমেন্ট ও কোচ গৌতম গম্ভীর নিজেদের মধ্যে আলোচনা করে সূর্যকুমার যাদবকে অধিনায়কত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে। দলেও ওকে হয়তো নেওয়া হবে না। সিদ্ধান্তটা শীঘ্রই সূর্যকে জানিয়ে দেওয়া হবে’।

সদ্যসমাপ্ত আইপিএলে ১৩ ইনিংসে ২০.৭৬-এর গড়ে মাত্র ২৭০ রান করেছেন মুম্বইয়ের এই তারকা ব্যাটসম্যান। তাঁর এই ফর্মের জন্যই টি ২০ জাতীয় দলে তাঁকে জায়গা হারাতে হচ্ছে।


স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, সূর্যের পরিবর্তে ভারতের টি ২০ দলের অধিনায়ক হবেন কে? এই প্রশ্নের উত্তরে শ্রেয়স আয়ারের নাম নিয়েই সবচেয়ে বেশি চর্চা হচ্ছে। তিনি অধিনায়ক হিসেবে ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলে চ্যাম্পিয়ন করেন ও ২০২৫-এ পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলেন। তাই তাঁর সম্ভাবনাই বেশি বলে দেশের ক্রিকেট মহলে জোর আলোচনা চলছে।

কিন্তু শ্রেয়স আয়ারের পাশাপাশি আরও একটি নাম ভাসছে, তিলক ভার্মা। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘শ্রীলঙ্কায় তিলককে ভারত এ দলের অধিনায়ক করে পাঠানো হয়েছে। ওখানে ও কেমন অধিনায়কত্ব করে, তা দেখার জন্যই এই সিদ্ধান্ত’। অধিনায়ক তিলকের ওপর নজর রেখেছেন স্বয়ং কোচ গৌতম গম্ভীর।

এ ছাড়াও ঝাড়খণ্ডের আগ্রাসী ব্যাটসম্যান ইশান কিষানের টি ২০ অধিনায়ক হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে ক্রিকেটমহলের একাংশের ধারণা। সঞ্জু স্যামসনের নামও উঠে এসেছে। তবে যেহেতু আইপিএলে শ্রেয়স আয়ার ও গৌতম গম্ভীর কেকেআর দলে একসঙ্গে কাজ করেছেন। তাই গম্ভীর তাঁকে অধিনায়ক হিসেবে বেছে নিতে পারেন বলে শোনা যাচ্ছে।

শেষ পর্যন্ত ভারতীয় টি ২০ দলের ক্যাপ্টেনস আর্মব্যান্ড কার হাতে ওঠে, এখন সেটাই দেখার।