২০৩০ বিশ্বকাপে খেলবেন মেসি? জল্পনায় নিজেই মুখ খুললেন আর্জেন্টাইন মহাতারকা

লিওনেল মেসি (File Photo: IANS)

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে দলকে শেষ ৩২-এ তুলে দিয়েছেন তিনি। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নজিরের পাশেও নিজের নাম লিখে ফেলেছেন।

এই অসাধারণ পারফরম্যান্সের মাঝেই স্বাভাবিকভাবেই উঠেছে বড় প্রশ্ন— ২০৩০ বিশ্বকাপে কি দেখা যাবে মেসিকে? সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে মেসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত তিনি ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না। বরং বর্তমানেই মনোযোগ দিতে চান। তিনি বলেন, “হ্যাঁ, হ্যাঁ… আমি আরও কিছুদিন খেলে যাব। যতদিন আমি দলের জন্য অবদান রাখতে পারব, শারীরিকভাবে ভালো অনুভব করব এবং সতীর্থদের সাহায্য করতে পারব, ততদিন খেলব।”

এরপর ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি বলেন, “আমি জানি না। সত্যি বলতে, আমি এখন এই নিয়ে ভাবছিই না। সে তো এখনও অনেক দেরি। আমি প্রতি দিন ধরে ধরে এগোচ্ছি এবং বর্তমানেই বেশি মনোযোগ দিচ্ছি।”
এ বছর ষষ্ঠ বিশ্বকাপে খেলছেন মেসি। ২০০৬-এ জার্মানিতে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন তিনি। দুই দশক পরও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তেমনই প্রভাব বজায় রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ২০৩০ বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৪৩ বছর। তই সেই আসরে তাঁর অংশগ্রহণ নিয়ে জল্পনা আরও বেড়েছে।


এদিকে বিশ্বকাপে নিজের নতুন রেকর্ড গড়ার পরও ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মেসি। অস্ট্রিয়ার বিরুদ্ধে জিতে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নকআউটে জায়গা পাকা করে ফেলেছে। তাদের খেতাব ধরে রাখার সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে। মেসির মন্তব্যে অবসর বা ২০৩০ বিশ্বকাপ নিয়ে কোনও ইঙ্গিত না মিললেও একটি বিষয় পরিষ্কার— ফুটবলপ্রেমীদের মতো তিনিও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করছেন না। যতদিন শরীর ও পারফরম্যান্স সঙ্গ দেবে, ততদিন মাঠে দেখা যেতে পারে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকাকে।