আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচ ভারতের। তার আগে পানামা এবং পরে উরুগুয়ের বিরুদ্ধে খেলবে নীল-বাহিনী। টানা তিন বিশ্বকাপ-খেলা দলের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলের কঠিন পরীক্ষা। স্বাভাবিক ভাবেই এই তিন ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। এ বার সেই আগ্রহ আরও বাড়িয়ে দিল সম্প্রচার নিয়ে বড় খবর।
ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে বুধবার থেকে। তবে অনেকের কাছেই এই ম্যাচের টিকিটের দাম অনেক বেশি। ৯৯৯ টাকার গুটিকয়েক টিকিট প্রথম দশ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। এর পরে দেড় হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকার টিকিটও আছে এই ম্যাচের জন্য। যারা এত দাম দিয়ে টিকিট কিনে মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না, তাদের জন্য সুখবর, শুধু ব্রাজিল নয় এই তিনটি ম্যাচই দেখা যাবে টিভিতে ও মোবাইল অ্যাপে, সরাসরি।
সর্বভারতীয় ফুটবল ফোডারেশন সূত্রের খবর, ভারতীয় ফুটবল দলের এই তিন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সম্প্রচার এবং লাইভ স্ট্রিমিং স্বত্ব পেতে চলেছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। শুধু সম্প্রচারই নয়, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) হয়ে তিনটি ম্যাচের টিভি প্রোডাকশনের দায়িত্বও নেবে তারা। ফলে ব্রাজিল, উরুগুয়ে এবং পানামার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের ম্যাচ দেখার পথও পরিষ্কার হয়ে গেল।
A Super Data FIFA vem aí! 🇧🇷💛
Na próxima quarta-feira, 9 de Setembro, às 15h (de Brasília), teremos a divulgação dos 26 nomes que disputarão os três amistosos que fazem parte da agenda da Seleção nos meses de setembro e outubro.
25/09 • 🇦🇺vs🇧🇷
29/09 • 🇦🇺vs🇧🇷
03/10 • 🇮🇳vs🇧🇷… pic.twitter.com/8xu6MMmj5g— brasil (@CBF_Futebol) September 2, 2026
অন্যদিকে, এ দিনই ব্রাজিলের ফুটবল কনফেডারেশন জানিয়ে দিয়েছে সেপ্টেম্বর-অক্টোবরে তাদের অস্ট্রেলিয়া ও ভারত সফরের জন্য ২৬ জনের দল ঘোষণা করা হবে আগামী ৯ সেপ্টম্বরে। বুধবার রাতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সমাজমাধ্যমে জানিয়ে দেয়, ‘আগামী বুধবার, ৯ সেপ্টেম্বর, ব্রাসিলিয়া সময় বিকেল ৩টেয় ঘোষণা করা হবে সেই ২৬ জন ফুটবলারের নাম, যাঁরা সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ব্রাজিল জাতীয় দলের সূচিতে থাকা তিনটি প্রীতি ম্যাচে খেলবেন’। অর্থাৎ, আগামী বুধবার ভারতীয় সময়ে রাত সাড়ে এগারোটায় জানা যাবে, কোন কোন তারকা খেলোয়াড় ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠে খেলতে নামবেন।
ভারতের সামনে এই আন্তর্জাতিক উইন্ডো যে কতটা কঠিন, সূচির দিকে তাকালেই তা পরিষ্কার। তিন প্রতিপক্ষই ২০২৬ বিশ্বকাপে খেলেছে। প্রথমে পানামা। ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে হবে সেই ম্যাচ।
তার পর কলকাতা। ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের সামনে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তার মাত্র তিন দিন পরে, ৬ অক্টোবর একই মাঠে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে নামবে ভারত।
ফিফা র্যাঙ্কিংয়েও তিন দলের সঙ্গে ভারতের ব্যবধান যথেষ্ট। ব্রাজিল বর্তমানে পঞ্চম, উরুগুয়ে ২০তম এবং পানামা ৪৪তম। ফলে খালিদ জামিলের দলের সামনে একের পর এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। এই তিন ম্যাচের মধ্যে ব্রাজিলই সবচেয়ে বড় আকর্ষণ। তবে উরুগুয়েও কম কঠিন নয়। উরুগুয়ের অন্তর্বর্তী কোচ হিসাবে দায়িত্বে রয়েছেন দিয়েগো ফোরলান।
যুবভারতীতে গিয়ে ব্রাজিলের তারকাদের দেখার সুযোগ যেমন থাকছে, তেমনই বাড়িতে বসে ভারতীয় দলের ঐতিহাসিক তিনটি ম্যাচ দেখার ব্যবস্থাও এ বার পাকা। সোনি স্পোর্টসের সম্প্রচারের হাত ধরে সেপ্টেম্বর-অক্টোবরে ভারতীয় ফুটবলের এই ‘বড় পরীক্ষা’ পৌঁছে যাবে দেশের ফুটবলপ্রেমীদের ঘরে ঘরে।