সৌজন্য সাক্ষাতের পর ক্রীড়ামন্ত্রীকে দেওয়া চিঠিতে কী জানালেন সৌরভ?

অবশেষে রাজ্যের নবনির্বাচিত ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে দেখা করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি সৌরভ গাঙ্গুলি। বুধবার দুপুরে নিউ সেক্রেটারিয়ট বিল্ডিংয়ে ক্রীড়ামন্ত্রীর দপ্তরে মন্ত্রীর সঙ্গে দেখা করতে যান সৌরভ। রবিবার সিএবি টি-২০ লিগের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণও জানান সৌরভ। সঙ্গে একটি চিঠিও দিয়ে আসেন। সম্প্রতি প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ক্রীড়ামন্ত্রীকে যে চিঠি পাঠিয়েছেন, সেই চিঠিতে স্থানীয় ক্রিকেটে দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ করা হয়েছে, এ দিন সেই অভিযোগুলিরই পাল্টা যুক্তি দিয়ে এই চিঠি দেয় সৌরভের সিএবি।

বুধবার দুপুরে ক্রীড়ামন্ত্রীর দপ্তরে যান সৌরভ। ছিলেন সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাসও। সংক্ষিপ্ত বৈঠকে ক্রিকেট-সহ অন্যান্য খেলা নিয়েও আলোচনা হয়। রবিবার ইডেনে বেঙ্গল টি-২০ লিগের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে আমন্ত্রণ জানান সৌরভ। জানা গিয়েছে, অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশ্বাস দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। সৌরভ বলেন, ‘ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারতে এসেছিলাম। ২১ জুন বেঙ্গল টি-২০ লিগের ফাইনাল আছে। সেখানে আমন্ত্রণ জানানোর জন্য এসেছিলাম। আমরা চাই উনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিন। উনি তাতে রাজি হয়েছেন।’

মঙ্গলবারই নতুন ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে খেলাধুলোর উন্নয়নে বাংলার কৃতি ক্রীড়াবিদদের পরামর্শ নিতে চান। সৌরভের সঙ্গে এ দিন এই প্রসঙ্গেও কথা হয় ক্রীড়ামন্ত্রীর। এই বিষয়ে সিএবি সভাপতি জানান, খেলাধুলো নিয়ে কথাবার্তা হয়েছে ঠিকই। তবে নির্দিষ্ট কিছু নিয়ে আলোচনা হয়নি। আমি ব্যক্তিগতভাবে তাঁকে একটি চিঠি দিয়েছি। সিএবির কিছু ঘটনা জানিয়েছি।‘


এই চিঠিতে সৌরভ ও তাঁর সংস্থার সর্বোচ্চ পদাধিকারীরা জানিয়েছেন, রাজ্য ক্রিকেট সংস্থা যথেষ্ট স্বচ্ছ্বতা, সততা ও সুসংগঠনের সঙ্গে চালানো হয়। এর আগেও বহু নামী ক্রীড়া প্রশাসক এই সংস্থায় পদ সামলেছেন। কিন্তু কখনও কেউ কোনও রকম দুর্নীতি, অচলাবস্থা, স্বজন পোষণের অভিযোগ আনেননি। সিএবি ক্রীড়ামন্ত্রীকে নিশ্চিত করেছে যে, রাজ্যের ক্রিকেটে কোনও অস্বচ্ছতা বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয় না এবং স্থানীয় ক্রিকেটও নিয়ম মেনেই চলে।

সৌরভদের এই বক্তব্যের পর প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এখনও কোনও মন্তব্য করেননি। তবে এই দুই চিঠির অবতারণায় এই ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, প্রাক্তন ও বর্তমান সিএবি সভাপতির মধ্যে প্রকাশ্যে আসতে চলেছে।