বাদ অধিনায়ক গুরপ্রীত, পাঁচ নতুন মুখ, নিউজিল্যান্ড সফরের দলে বড়সড় রদবদল নিয়ে কী বললেন কোচ খালিদ?

Photo: X

ভারতীয় ফুটবল দলে বদলের ঝোড়ো হাওয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচের জন্য ২৩ জনের দল ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ খালিদ জামিল। এই দলে সবচেয়ে বড় চমক, নিয়মিত অধিনায়ক এবং গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর অনুপস্থিতি। তাঁর জায়গায় তিন গোলরক্ষক হিসাবে সুযোগ পেয়েছেন হৃতিক তিওয়ারি, সোম কুমার এবং বিশাল কয়েথ।

আগামী ১২ ও ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। বিশ্বকাপের মূলপর্বে খেলা এবং ফিফা ক্রমতালিকায় ৮৮ নম্বরে থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই দু’টি ম্যাচকে নিজেদের শক্তি যাচাইয়ের বড় সুযোগ হিসাবে দেখছেন খালিদ। চলতি বছরের শুরুতে পানামা, ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচগুলিতে ভারতীয় দলের নতুন মুখদের পারফরম্যান্স নজর কেড়েছিল। সেই সাফল্যের পর এ বার আরও বড়সড় পরিবর্তনের পথে হাঁটলেন জাতীয় কোচ।

আগের ২৬ জনের দল থেকে মাত্র ১২ জনকে রাখা হয়েছে নতুন দলে। বাকি ১১ জনের মধ্যে পাঁচ জন প্রথম বার জাতীয় দলের শিবিরে ডাক পেয়েছেন। সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ান সুপার লিগে ভাল খেলার পুরস্কারও পেয়েছেন কয়েক জন ফুটবলার। আইএসএল ফের শুরু হওয়ায় ফুটবলারদের ম্যাচ খেলার সুযোগ বেড়েছে। সেই পারফরম্যান্সই দল নির্বাচনে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।


সাফ থেকে তিন ফুটবলার, গুরপ্রীত নেই

বর্তমানে ঢাকায় যে সাফ চ্যাম্পিয়নশিপে খেলছে ভারত। সেখান থেকে তিন ফুটবলারকে নিউজিল্যান্ড সফরের দলে রেখেছেন খালিদ। তাঁরা হলেন বিজয় ভার্গিস, মহম্মদ সুহেল এবং লিস্টন কোলাসো। সাফের প্রতিযোগিতা ছেড়ে তাঁরা সরাসরি নিউজিল্যান্ডে গিয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

তবে গুরপ্রীতের বাদ পড়া নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। দীর্ঘ দিন ধরে ভারতীয় দলের গোলপোস্টের ভরসা তিনি। অধিনায়ক হিসাবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এ বার তাঁর অনুপস্থিতিতে গোলের দায়িত্ব কে সামলাবেন, তা নিয়ে অবশ্য ঘোষণায় কিছু জানানো হয়নি। আরো জানা গিয়েছে নিউজিল্যান্ডগামী দলে থাকা সুরেশ সিং ওয়াংজাম ঢাকায় চোট পেয়েছেন। ফলে তিনি সম্ভবত নিউজিল্যান্ডে যেতে পারবেন না। আপুইয়া, মহম্মদ শনন ও আনোয়ার আলি চোটের জন্য এই দল থেকে অবশ্য আগেই বাদ পড়েছেন।

কী বললেন খালিদ?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরীক্ষার জন্য দলকে প্রস্তুত করতে চান ভারতীয় কোচ। খালিদ বলেন, ‘নিউজিল্যান্ডও বিশ্বকাপে খেলা একটি দেশ। ওরা শক্তিশালী প্রতিপক্ষ। দেশের বাইরে এই দুটো ম্যাচ আমাদের কাছে কঠিন পরীক্ষা হতে চলেছে। আমরা ভাল ভাবে প্রস্তুতি নিতে চাই, শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলতে চাই এবং এই সুযোগকে কাজে লাগিয়ে দল হিসাবে আরও উন্নতি করতে চাই’।

৭ নভেম্বর বেঙ্গালুরুতে এক দিনের অনুশীলন শিবিরে যোগ দেবেন ফুটবলারেরা। তার পর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে দল। দু’টি ম্যাচের প্রথমটি ১২ নভেম্বর অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ ১৫ নভেম্বর ক্রাইস্টচার্চের ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে।

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের ২৩ জনের দল:

গোলরক্ষক: হৃতিক তিওয়ারি, সোম কুমার, বিশাল কয়েথ।
ডিফেন্ডার: অভিষেক সিং টেকচাম, আকাশ মিশ্র, বিজয় ভার্গিস, জয় গুপ্ত, মেহতাব সিং, পরমবীর, রিকি মেইতেই হাওবাম, রোশন সিং নাওরেম।
মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, জিথিন এমএস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, লালরিনলিয়ানা হ্নামতে, তোম্বা সিং হাওবাম।
ফরোয়ার্ড: ডেভিড লালনসাঙ্গা, এডমন্ড লালরিন্দিকা, লিস্টন কোলাসো, মনবীর সিং, মহম্মদ সুহেল, রায়ান উইলিয়ামস।

বিশ্বকাপের মঞ্চে খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সফর ভারতীয় দলের নতুন মুখদের কাছে নিজেদের প্রমাণ করার সুযোগ। একই সঙ্গে খালিদের কাছেও বড় পরীক্ষা। পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষার পর এ বার আরও শক্তিশালী প্রতিপক্ষের সামনে তাঁর নতুন ভারত কতটা প্রতিরোধ গড়তে পারে, সেটাই দেখার।