নেপালকে ২৬ রানে মুড়িয়ে ৩০৬ রানে জয় ভারত ‘এ’-র তিলক-কুশাগ্রর সেঞ্চুরি, কী বললেন অধিনায়ক?

Image: X

দুই ওপেনারের ব্যর্থতায় শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত ‘এ’। অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী—দু’জনেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তাঁরা। কিন্তু সেই বিপর্যয় সামলে দলকে বড় রানে পৌঁছে দেন অধিনায়ক তিলক বর্মা এবং কুমার কুশাগ্র। দু’জনের দুরন্ত শতরানে ভর করে প্রথমে ৩৩২/৯ তোলে ভারত।

তার পরে যা হয়, তা অভাবনীয়। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ২৬ রানে শেষ হয়ে যায় নেপালের ইনিংস। দোহায় এশিয়া কাপ রাইজ়িং স্টারসের প্রথম ম্যাচে ৩০৬ রানের বিশাল জয় পেতে ভারত ‘এ’-র আর কোনও সমস্যাই হয়নি।

টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় নেপাল। কঠিন পিচে শুরু থেকেই সমস্যায় পড়েন অভিষেক এবং সূর্যবংশী। বল ব্যাটে আসছিল না। ফলে স্বাভাবিক আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারছিলেন না দুই ওপেনার।


১৩ বলে ৯ রান করে ফিরে যান অভিষেক। নন্দন যাদবের বলে বড় শট খেলতে গিয়ে মিড-অনের হাতে ক্যাচ দেন তিনি। সূর্যবংশী কিছুটা লড়াই করলেও ৩২ বলে ২৬ রান করে পবন সরাফের বলে বোল্ড হন।এর পর আয়ুষ বাদোনিও মাত্র ২ রান করে স্টাম্পড হয়ে যান। মাত্র ৪২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

এখান থেকে ইনিংসের হাল ধরেন অধিনায়ক তিলক বর্মা এবং কুমার কুশাগ্র। চতুর্থ উইকেটে ২০৬ রানের দুরন্ত পার্টনারশিপ গড়েন তাঁরা। শুরুতে উইকেট বুঝে খেলার পর ধীরে ধীরে আক্রমণ শুরু করেন দু’জন।

১১৩ বলে ১০৭ রান করেন তিলক। তাঁর ইনিংসে ছিল ছ’টি চার এবং চারটি ছয়। অন্য দিকে আরও আগ্রাসী ছিলেন কুশাগ্র। ১০২ বলে ১১৭ রান করেন তিনি। মারেন ১০টি চার ও পাঁচটি ছয়।শেষ দিকে সূর্যাংশ শেঢ়গে মাত্র ১৪ বলে অপরাজিত ৩৬ রান করে ভারতকে ৩৩২/৯-এ পৌঁছে দেন। নেপালের হয়ে ললিত রাজবংশী এবং সন্দীপ লামিছানে তিনটি করে উইকেট নেন।

ম্যাচের পর তিলক বলেন, এমন ইনিংস খেলে খুব খুশি। উইকেট বেশ কঠিন ছিল, রান করা সহজ ছিল না। আমি আর কুমার আলোচনা করছিলাম, নতুন ব্যাটারদের পক্ষে এই পিচে রান করা আরও কঠিন হবে। আমরা যদি শেষ দশ ওভার পর্যন্ত ব্যাট করতে পারি, তা হলে ১০০ রানও উঠতে পারে।’

দলের বোলারদের প্রশংসাও করেছেন ভারত ‘এ’ অধিনায়ক। বলেন, ‘সন্দীপ (সূর্যাংশ) শেষ দিকে যেভাবে ব্যাট করেছে, তা দেখার মতো। চোট সারিয়ে হার্ষিত এবং প্রিন্সের ফিরে আসাটাও খুব গুরুত্বপূর্ণ।’ ৩৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় পেসারদের সামনে অসহায় দেখায় নেপালকে। ইনিংসের তৃতীয় বলেই অর্শিন কামালকে এলবিডব্লিউ করেন হার্ষিত রানা।

এর পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নেপাল। সপ্তম ওভারেই ১৭ রানে পাঁচ উইকেট পড়ে যায় তাদের। হার্ষিত ও প্রিন্স যাদবের পেস ও সুইং সামলাতে পারেননি নেপালের ব্যাটাররা।হার্ষিত ১৬ রানে চার উইকেট নেন। প্রিন্স মাত্র ৬ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন। বাকি একটি উইকেট পান শাহবাজ আহমেদ। শেষ পর্যন্ত ১১.৩ ওভারে মাত্র ২৬ রানে শেষ হয়ে যায় নেপালের ইনিংস। কোনও ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি।

নেপাল অধিনায়ক সন্দীপ লামিছানে বলেন, ‘বল হাতে আমাদের শুরুটা ভাল হয়েছিল। তবে তিলক এবং কুমার যেভাবে চাপ সামলেছে, তার প্রশংসা করতেই হবে। আমাদের পূর্ণ শক্তির দল এই প্রতিযোগিতায় নেই। দেশে নেপাল প্রিমিয়ার লিগ চলছে। নতুন কয়েক জনকে নিয়ে আমরা খেলছি। ছেলেদের জন্য আমি গর্বিত। আগামী ম্যাচগুলিতে আমরা ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।’ এই বিশাল জয়ের ফলে রবিবারের পাকিস্তান ‘এ’ ম্যাচের আগে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেল তিলকদের।