বিশ্বকাপে সরাসরি জায়গা হল না ওয়েস্ট ইন্ডিজের! আফগানিস্তানের জয়ে ফের যোগ্যতা-পর্বের পথে জোড়া খেতাবজয়ীরা

Photo: Representational Image

দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) জন্য এ এক বড় ধাক্কা। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারল না ক্যারিবিয়ান দল। আফগানিস্তান আয়ারল্যান্ডকে হারিয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) এ বার যোগ্যতা অর্জন পর্বের সফল হয়ে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হবে।

অর্থাৎ, টানা তৃতীয় বিশ্বকাপেও সরাসরি মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। ২০২৩ বিশ্বকাপেও যোগ্যতা-পর্ব খেলতে হয়েছিল তাদের। এ বারও সেই একই পথে ফিরতে হচ্ছে ক্যারিবিয়ানদের।

সোমবার বেলফাস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে। ফলে স্বাভাবিক ভাবেই ওয়েস্ট ইন্ডিজের (West Indies) সামনে সরাসরি যোগ্যতা অর্জনের দরজা বন্ধ হয়ে যায়।


আরও পড়ুন: কোহলির মতো ছিপছিপে চেহারা চান ক্রিকেটারেরা! আইপিএলে কি বাড়ছে ‘ওজন কমানোর ইঞ্জেকশন’ নেওয়ার ঝোঁক?

তারকা স্পিনার রশিদ খানের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে আয়ারল্যান্ডকে তৃতীয় এক দিনের ম্যাচে তিন উইকেটে হারিয়ে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয় আফগানিস্তান। বেলফাস্টে সোমবারের এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে আফগানিস্তান ২-০ ব্যবধানে এগিয়ে যায়। প্রথম ম্যাচটি অবশ্য একটি বলও না গড়িয়ে পরিত্যক্ত হয়েছিল।

সোমবার রশিদ খান ৪৩ বলে অপরাজিত ৩৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। ইয়ামিন আহমদজাইকে সঙ্গে নিয়ে তিনি ৩১ রানের জুটি গড়ে আফগানিস্তানকে ৪৫তম ওভারে তিন উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ম্যাচ জেতানো এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন রশিদ খান।

২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে যথেষ্ট ভালো খেলেছিল আফগানিস্তান। চারটি জয় ও পাঁচটি হার নিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে শেষ করেছিল তারা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শেষ পর্যন্ত জায়গা করে নিতে না পারলেও নজর কেড়েছিল আফগানরা। গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে হারিয়ে দেশবাসীকে একটি স্মরণীয় বিশ্বকাপ উপহার দিয়েছিল তারা।

আগামী বছর এই বিশ্বকাপে মোট ১৪টি দল খেলবে। আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে সরাসরি জায়গা পেয়েছে। এর সঙ্গে ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ের প্রথম আটটি দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। বাকি চারটি জায়গা পূরণ হবে যোগ্যতা অর্জন পর্ব থেকে।

আরও পড়ুন:  ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরানো নিয়ে ‘হুশিয়ারি’ ট্রাম্পের

ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সেই প্রথম আটে থাকতে না পারায় এখন তাদের লড়াই করতে হবে যোগ্যতা অর্জন পর্বে। অর্থাৎ বিশ্বকাপ খেলতে হলে আরও একটি কঠিন পরীক্ষায় পাশ করতে হবে শাই হোপদের।

এক সময় ৫০ ওভারের ক্রিকেটে দাপট দেখানো ওয়েস্ট ইন্ডিজের (West Indies) সাম্প্রতিক পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজও ২-৩ ব্যবধানে হেরেছিল তারা। সেই সিরিজে ভাল ফল করতে না পারায় সরাসরি যোগ্যতা অর্জনের দৌড়ে বড় ধাক্কা খায় ক্যারিবিয়ান দল।

এ বার তাই সামনে কঠিন রাস্তা। যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থ হলে ২০২৭ বিশ্বকাপের মূল পর্বেই দেখা যাবে না দুই বারের চ্যাম্পিয়নদের। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল দল ওয়েস্ট ইন্ডিজের (West Indies) সামনে চ্যালেঞ্জ এখন শুধু বিশ্বকাপে যাওয়া নয়— সেই পুরনো গৌরব ফিরিয়ে আনার ক্ষমতা তাদের রয়েছে কি না, তা প্রমাণ করাও।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/GmN8v_OXLOE?si=5VQ-4I5iDJyzpBV6″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>