বাংলার খেলাধুলোর উন্নয়নে লিয়েন্ডারকে চাই, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রতিনিধিত্বমূলক চিত্র

গত রবিবার অলিম্পিকে পদকজয়ী টেনিস খেলোয়াড়র লিয়েন্ডার পেজের মা তারকা বাস্কেটবল খেলোয়াড় জেনিফার পেজ প্রয়াত হন। সোমবার প্রয়াত জেনিফার শেষকৃত্য অনুষ্ঠানে লিয়েন্ডার পেজের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টেনিস তারকাকে সান্ত্বনা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, বাংলার খেলাধুলোকে আরও উন্নতি এবং অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লিয়েন্ডার পেজের মতো প্রাক্তন খেলোয়াড়দের প্রয়োজন।

সোমবার কলকাতার মিডলটন রোডের সেন্ট থমাস চার্চে জেনিফারের শেষকৃত্য সম্পন্ন হয়। মায়ের শেষকৃত্য অনুষ্ঠানের সময় প্রাক্তন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার কান্নায় ভেঙে পড়েছিলেন। তাঁর পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ আমাদের খুবই দুঃখের দিন। তাই সেইভাবে কথা বলার সময় নয়। তবে বলব, বাংলার খেলাধুলোর উন্নয়নে লিয়েন্ডার পেজের মতো খেলোয়াড়দের খুবই প্রয়োজন। মনে রাখতে হবে, প্রাক্তন খেলোয়াড়দের অভিজ্ঞতা এবং তাঁদের অংশ নেওয়াটা অত্যন্ত জরুরি।’ লিয়েন্ডারের মায়ের শেষকৃত্যে উপস্থিত হয়ে মানবিক রূপেরও পরিচয় দিলেন মুখ্যমন্ত্রী।

এখানে উল্লেখ করা যেতে পারে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন লিয়েন্ডার পেজ। তখন লিয়েন্ডার বলেছিলেন, ভারতীয় খেলাধুলোকে আরও আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন উন্নততর প্রশিক্ষণ। তৈরি করতে হবে পরিকাঠামো।


খেলোয়াড়দের প্রতি থাকতে হবে আন্তরিকতা। তাদের নিষ্ঠা ও অধ্যবসায়কে সম্মান জানাতে হবে। কেন্দ্রীয় সরকার যেভাবে খেলাধুলোকে গুরুত্ব দিচ্ছে, তা সত্যিই অভাবনীয়। সেই কারণেই আশা করা যেতে পারে, আগামী কয়েক বছরের মধ্যে খেলার দুনিয়ায় ভারত বিশেষ জায়গা করে নিতে পারবে। সেই বিশ্বাসেই খেলোয়াড়রাও বিভিন্ন ইভেন্টে তাঁদের দক্ষতা প্রকাশ করে ভারতকে সম্মানিত করবে আন্তর্জাতিক মঞ্চে।

লিয়েন্ডারের মা জেনিফার প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড়। তিনি ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বিভিন্ন প্রতিযোগিতায়। ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের তিনি সহসভাপতি ছিলেন। বাংলার হয়ে তিনি জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দশবার খেতাব জিতেছেন। তিনবার বাংলাকে রানার্স করেছিলেন। এদিনের শেষকৃত্য অনুষ্ঠানে বেশকিছু বাস্কেটবল খেলোয়াড়র সহ অন্যান্য ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।