ইংল্যান্ডে হতাশাজনক টেস্ট সফরের পর এবার শ্রীলঙ্কার মাটিতে ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতীয় ক্রিকেট দলের। তার আগে ভারতীয় দলের ক্রিকেটারদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন হেড কোচ গৌতম গম্ভীর। গলের প্রথম সকাল থেকেই যেন কোনো পরিস্থিতির জন্য অপ্রস্তুত না থাকতে হয়, সেই লক্ষ্যেই মানসিক ও ক্রিকেটীয় প্রস্তুতির উপর জোর দিচ্ছেন তিনি।
দুই টেস্টের সিরিজ শুরুর আগে সমাজমাধ্যমে বোর্ডের এক ভিডিওতে ক্রিকেটারদের উদ্দেশে গম্ভীরকে বলতে শোনা যায়, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে, প্রথম বল থেকেই প্রতিটি প্রশ্নের উত্তর যেন আমাদের কাছে তৈরি থাকে। এমন কোনো পরিস্থিতি যেন না আসে, যেখানে আমরা প্রস্তুত নই’।
শুধু প্রতিভা নয়, নিখুঁত প্রস্তুতিকেই সাফল্যের চাবিকাঠি বলে মনে করছেন টিম ইন্ডিয়ার কোচ। ক্রিকেটারদের উদ্দেশে তাঁর বার্তা, ‘আমাদের নিশ্চিত করতে হবে, সব দিক থেকেই যেন সম্পূর্ণ প্রস্তুতি থাকে। মাঠে নামার আগে প্রতিটি খুঁটিনাটি বিষয় ঠিকঠাক করে নিতে হবে। সব দিক ঠিক আছে কি না, তাও দেখে নিতে হবে’।
ইংল্যান্ড সফরে চোট-আঘাত এবং ধারাবাহিকতার অভাবে ধাক্কা খেয়েছে ভারত। তার উপর যশপ্রীত বুমরার অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা। এই পরিস্থিতিতে শুভমন গিলের নেতৃত্বাধীন অপেক্ষাকৃত তরুণ দলকে বাড়তি দায়িত্ব নিতে হবে বলেই মনে করছেন গম্ভীর। তবে তাঁর আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই। তিনি জানিয়ে দিয়েছেন, ‘আমরা প্রস্তুত। যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আমরা তৈরি’।
সারাংশ জৈন, অকিব নবিদের মতো নতুনদেরও আলাদা করে স্বাগত জানিয়েছেন ভারতীয় কোচ। ড্রেসিংরুমে যেন সবাই দ্রুত স্বচ্ছন্দ হয়ে উঠতে পারে, সেই বার্তাও দিয়েছেন তিনি। কারণ গম্ভীরের বিশ্বাস, বিদেশ সফরে সুস্থ পরিবেশ এবং নিখুঁত প্রস্তুতির সমন্বয়েই সাফল্য আসতে পারে।
তিনি বলেন, ‘প্রত্যেককেই স্বাগত জানাই। দুজন নতুন ছেলে আমাদের সঙ্গে আছে। সারংশ, তুমি অনেক পরিশ্রম করে এই জায়গায় এসে পৌঁছেছ। নিজের পরিবার ও দেশকে যাতে গর্বিত করতে পারো, সুযোগ পেলে সেই চেষ্টা কোরো। অকিবকেও অবিনন্দন। গত মরসুমে তুমি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলে এবং জম্মু ও কাশ্মীরকে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন করেছিলে। এ এক অসাধারণ কীর্তি’। দলে নবনিযুক্ত ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষকেও অভ্যর্থনা জানান গম্ভীর।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখেও শ্রীলঙ্কা সফর ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক টেস্ট ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে হলে গল থেকেই জয়ের পথ খুঁজে নিতে হবে। আর সেই লক্ষ্যেই দলের মধ্যে এক অটুট বন্ধন তৈরি করার চেষ্টা করছেন কোচ গম্ভীর। ক্রিকেটারদের কাছে গম্ভীরের স্পষ্ট বার্তা, পরীক্ষায় বসার আগেই প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি রাখতে হবে দলের প্রত্যেক ক্রিকেটারকে।