খেলাধুলার উন্নতির জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রকে সঠিক ভাবে কাজে লাগানো হোক, সদ্য দায়িত্ব নেওয়া রাজ্যের ক্রীড়ামন্ত্রী ড. ইন্দ্রনীল খাঁয়ের কাছে এই আর্জি জানিয়েছেন বাংলার গ্র্যান্ড মাস্টার দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া।
ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ক্রীড়ামন্ত্রীর দফতরে গিয়ে দেখা করেন দিব্যেন্দু ও রাজ্য দাবা সংস্থার কর্তারা। সেখানেই রাজ্যের খেলাধুলার উন্নতির জন্য একাধিক প্রস্তাব দেন তিনি। ক্রীড়ামন্ত্রীর সঙ্গে এই বৈঠক নিয়ে দিব্যেন্দু বলেন, ‘শুধু দাবা নয়, রাজ্যের খেলাধুলার সামগ্রিক উন্নতির জন্য কী কী করা যায়, আমার কাছে সেই পরামর্শ চেয়েছিলেন উনি। আমি তাঁকে বলি, সবার আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রকে সঠিক ভাবে কাজে লাগানো উচিত। সেখানে যাতে নিয়মিত খেলাধুলা হয় এবং সেখানে যাতে খেলার আদর্শ পরিবেশ থাকে সব সময়, সেই ব্যবস্থা করা উচিত। দুই স্টেডিয়ামেই এত বেশি ভাড়া দিতে হয় যে, ছোট ছোট খেলার সংস্থাগুলি বা ক্লাবগুলি এই পরিকাঠামো ভাড়া নিয়ে কোনও খেলার আসর বসাতে পারে না। তাদের জন্য ভাড়া কমানো উচিত বলেই আমার মনে হয়। ক্রীড়ামন্ত্রীকে এই পরামর্শই দিয়েছি।’
দাবাকে স্কুল স্তরে বাধ্যতামূলক করার প্রস্তাবও দিয়েছেন দিব্যেন্দু। সম্প্রতি এই রাজ্য থেকে খুব বেশি দাবাড়ু জাতীয় স্তরে উঠে আসছে না বলে অনেকের অভিযোগ। রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতা এ জন্য প্রয়োজন বলে মনে করেন। অতীতে কলকাতায় কমনওয়েলথ দাবার মতো আন্তর্জাতিক দাবার আসরও বসেছিল। বহু বছর তেমন কোনও আন্তর্জাতিক দাবার আসর বসেনি। এ জন্য সরকারের সাহায্য প্রয়োজন আছে বলে মনে করেন দিব্যান্দু।
তাঁর প্রস্তাব শুনে ক্রীড়ামন্ত্রী খুশি বলে জানিয়েছেন দিব্যেন্দু। বলেন, “আমার প্রস্তাবগুলি খুব গুরুত্ব দিয়ে শুনেছেন ক্রীড়ামন্ত্রী। শুনে খুশিও হয়েছেন বলে মনে হল। সচিবকে ডেকে বিভিন্ন বিষয়ে নোট নিতে বলেন তিনি। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার আমাকে ডাকবেন বলে জানিয়েছেন। এ বার দেখা যাক কতটা কী করতে পারেন। তবে সরকারকে সময় দিতেই হবে”। এই বৈঠকের ছবি পোস্ট করে সমাজ মাধ্যমে ডা. ইন্দ্রনীল খাঁ লেখেন, ‘বাংলার প্রথম গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার সঙ্গে কথা বলে খুব ভাল লাগল। রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে উনি অনেক ভাল ভাল প্রস্তাব দিয়েছেন’।