এবারে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ভারতের তিন প্রাক্তন ক্রিকেটারের সম্মান জানিয়ে স্ট্যান্ড ও গেটের নাম রাখতে চলেছে। সংস্থার পক্ষ থেকে জানানা হয়েছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বজয়ী ক্রিকেটার রবি শাস্ত্রীর নামে স্ট্যান্ড হচ্ছে। সুনীল গাভাসকার ও শচীন তেণ্ডুলকারের পাশে এই স্ট্যান্ড হবে। পাশাপাশি, প্রাক্তন তিন ক্রিকেটারকে সম্মানিত করা হবে গেট নামকরণ করে। তাঁরা হলেন দিলীপ সরদেশাই, একনাথ সোরকার ও ডায়ানা এডুলজি।
মুম্বই থেকেই উত্থান শাস্ত্রীর। তারপর দেশের হয়ে ৮০টি টেস্ট ও ১৫০টি ওয়ানডে খেলেছেন। ভারতকে নেতৃত্বও দিয়েছেন প্রাক্তন অলরাউন্ডার। ছিলেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য। আবার তাঁর কোচিংয়েই টেস্টে একাধিপত্য ছিল বিরাট কোহলিদের। ধারাভাষ্য দেওয়ার ভঙ্গি ও ব্যক্তিত্বে বেশ রঙিন চরিত্র শাস্ত্রী। ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য তাঁকে সম্মানিত
করছে এমসিএ।
তাদের তরফ থেকে জানানো হয়েছে, ‘ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রেস বক্সের নিচে লেভেল ওয়ান স্ট্যান্ডের নামকরণ ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিখ্যাত ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর নামে করার প্রস্তাব অ্যাপেক্স কাউন্সিলে গৃহীত হয়েছে। প্লেয়ার ও কোচ হিসেবে ভারত ও মুম্বই ক্রিকেটে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে।’
অন্যদিকে, দেশের হয়ে ৩০টি টেস্ট খেলা দিলীপ সরদেশাইয়ের নামে তিন নম্বর গেটের নামকরণ হচ্ছে। ৫ নম্বর গেটটি হচ্ছে প্রাক্তন মহিলা ক্রিকেটার ডায়ানা এডুলজির নামে। আর ৬ নম্বর গেটে থাকবে একনাথ সোলকারের নাম। এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েক বলেছেন, ‘মুম্বাই ক্রিকেট তৈরিই হয়েছে এঁদের মতো কিংবদন্তিদের অবদানের উপর ভিত্তি করে। যাঁরা এই শহর ও দেশকে গর্বিত করেছেন, তাঁদের সম্মান দেওয়া আমাদের কর্তব্য।’ উল্লেখ্য, গত বছর ওয়াংখেড়েতে রোহিতের নামেও স্ট্যান্ড হয়েছে। সুনীল গাভাসকর, শচীন তেন্ডুলকর, বিজয় মার্চেন্টের পাশাপাশি রোহিতের নামেও স্ট্যান্ড হয়েছে ওয়াংখেড়েতে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রাক্তন খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধরনের প্রয়াস নিয়ে থাকে।