ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং তাঁর সাপোর্ট স্টাফকে ইংল্যান্ড সফর শেষে বিশ্রাম দেওয়া হবে। আসন্ন জিম্বাবোয়ে সফর এবং আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় দলের দায়িত্ব নেবেন ভিভিএস লক্ষ্মণ।
তবে পুরোপুরি কোচ হিসেবে দায়িত্ব নেবেন না লক্ষ্ণণ। জাতীয় দলের কোচিং স্টাফের দায়িত্ব সামলাতে বলা হয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তথা সেন্টার অব এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণকে। তাঁর সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন হৃষিকেশ কানিতকর এবং বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সুনীল যোশী।
এই সিদ্ধান্তের ফলে ভারতীয় দলের নিয়মিত প্রধান কোচ গৌতম গম্ভীর এবং তাঁর সাপোর্ট স্টাফ ইংল্যান্ড সফর শেষে কিছুটা বিশ্রামের সুযোগ পাবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শেষ হবে ১৯ জুলাই। তার মাত্র চার দিন পর, ২৩ জুলাই থেকে হারারেতে শুরু হবে ভারতের তিন ম্যাচের টি-২০ সিরিজ। ম্যাচগুলি হবে ২৩, ২৫ এবং ২৭ জুলাই। সময়ের এত কম ব্যবধানের কারণেই এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুধু জিম্বাবোয়ে সফরই নয়, জাপানের আইচি-নাগোয়ায় আসন্ন এশিয়ান গেমসেও ভারতীয় দলের দায়িত্বে থাকবেন লক্ষ্মণ এবং তাঁর কোচিং স্টাফ। কারণ, একই সময়ে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সাদা বলের সিরিজ হবে। সেই সিরিজে একদিনের দলের সঙ্গে থাকবেন গৌতম গম্ভীর। ফলে দুটি দলের দায়িত্ব ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
ভারতের দ্বিতীয় সারির দলের সঙ্গে লক্ষ্মণের কাজ করার অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। ২০২৪-এ শুভমন গিলের নেতৃত্বে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের কোচ ছিলেন তিনি। সেই সফরেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল অভিষেক শর্মার। তার আগে ২০২৩-এ হ্যাংঝৌ এশিয়ান গেমসেও ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন লক্ষ্মণ। তখন সিনিয়র দলের সঙ্গে ওয়ান ডে বিশ্বকাপে ব্যস্ত ছিলেন রাহুল দ্রাবিড়। এবারও সেই পন্থাই অবলম্বন করা হল।