আগের দুই ম্যাচে ব্যাট হাতে ছন্দে ছিলেন বিরাট কোহলি। তৃতীয় ম্যাচে সেই ছন্দ আর ধরে রাখতে পারলেন না। শনিবার নিউ চণ্ডীগড়ে প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন ভারতের তারকা ব্যাটার। এক দিনের ক্রিকেটে চতুর্থ বার ‘গোল্ডেন ডাক’-এর নজির গড়লেন তিনি।
তৃতীয় ওভারেই ব্যাট করতে নামতে হয় কোহলিকে। জেইডেন সিলসের প্রথম বলটি ছিল ফুল লেংথের। পিচে পড়ে বল সামান্য ভিতরের দিকে ঢুকে আসে। বলের লাইন ঠিকমতো বুঝতে পারেননি কোহলি। তাঁর ব্যাটের পাশ কাটিয়ে বল সরাসরি গিয়ে লাগে স্টাম্পে। আউট হওয়ার পর নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না কোহলি। কী ভাবে বলের লাইন মিস করলেন, তা বুঝতে না পেরে হতভম্ব দেখাচ্ছিল তাঁকে।
এক দিনের ক্রিকেটে ২৪৬১ দিন পর ফের প্রথম বলেই শূন্য রানে আউট হলেন কোহলি। এর আগে শেষ বার ২০১৯ সালের ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এই লজ্জার নজির গড়েছিলেন তিনি। কাইরন পোলার্ডের বলে প্রথম বলেই আউট হয়েছিলেন কোহলি।
এক দিনের ক্রিকেটে মোট চার বার ‘গোল্ডেন ডাক’ করেছেন কোহলি। প্রথম বার ২০১১ সালের ১১ জুন ড্যারেন স্যামির বলে প্রথম বলেই আউট হন তিনি। এরপর ২০১৩ সালের ২৭ জানুয়ারি ইংল্যান্ডের টিম ব্রেসনানের বলে ফের প্রথম বলেই সাজঘরে ফিরেছিলেন। ২০১৯ সালে পোলার্ডের পর শনিবার সিলসের বলে চতুর্থ বার এই নজির গড়লেন কোহলি। অর্থাৎ, চারটি ‘গোল্ডেন ডাক’-এর মধ্যে তিনটিই এসেছে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে।
শুধু ‘গোল্ডেন ডাক’ নয়, এক দিনের ক্রিকেটে মোট ১৯ বার শূন্য রানে আউট হয়েছেন কোহলি। ৩১৭ ম্যাচে তাঁর এই সংখ্যা ১৯। ভারতীয় ব্যাটারদের মধ্যে শূন্য রানে আউট হওয়ার তালিকায় তাঁর আগে রয়েছেন সচিন তেন্ডুলকর। ৪৬৩টি এক দিনের ম্যাচে ২০ বার শূন্য রানে ফিরেছেন সচিন। কোহলির সমান ১৯ বার শূন্য রানে আউট হয়েছেন জাভাগল শ্রীনাথও।