টেস্ট অবসরের পর রাজকীয় সম্বর্ধনা প্রাপ্য ছিল বিরাট কোহলির, মনে করেন শ্রীকান্ত

ভারতের প্রাক্তন অধিনায়ক ও নির্বাচক কৃষ্ণামাচারি শ্রীকান্ত মনে করেন, টেস্ট ক্রিকেটে রাজকীয় বিদায় সম্বর্ধনা পাওয়া উচিত ছিল বিরাট কোহলির। একই সঙ্গে তাঁর বিশ্বাস, রোহিত শর্মা যদি ফিট থাকেন এবং রান করতে থাকেন, তাহলে তাঁর ২০২৭ একদিনের ক্রিকেটের বিশ্বকাপে খেলা উচিত।

সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষৎকারে তিনি বলেন, “আমার মনে হয়, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজটা খেলা উচিত ছিল বিরাট কোহলির। সম্পূর্ণ আলাদা স্তরের ক্রিকেটার বিরাট। এখানে বয়স কোনো বিষয় নয়। বিষয়টা হলো আবেগ, আগ্রাসন, সম্ভাবনা এবং পারফর্ম করার খিদে। এই সব দিক থেকে ও সত্যিই অসাধারণ।”

ইংল্যান্ডে আসন্ন টেস্ট সিরিজের প্রসঙ্গ উঠলে ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বলেন, “টি-২০ ক্রিকেটে বিরাট দুর্দান্ত। আইপিএলেও ও এখনও দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে, ওর ইংল্যান্ড টেস্ট সিরিজে খেলা উচিত ছিল। আমি এটাও বিশ্বাস করি, ভারতীয় ক্রিকেটের জন্য যে এত কিছু করেছে, টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর তার একটি রাজকীয় বিদায় সম্বর্ধনা প্রাপ্য ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সে তা পায়নি।”


“তবে বিরাটের মতো একজন ক্রিকেটারের নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকা উচিত, ঠিক যেমনটা শচীন তেন্ডুলকরের ক্ষেত্রে ছিল। বিরাট মহান একজন ক্রিকেটার। সে জানে কী করা উচিত আর কী করা উচিত নয়। সে অত্যন্ত ভারসাম্যপূর্ণ একজন মানুষ। তার যে বিষয়টি আমি সবচেয়ে বেশি প্রশংসা করি, তা হলো খেলার প্রতি তার অঙ্গীকার এবং সে একজন প্রকৃত দলীয় ক্রিকেটার। ভারতের ইতিহাসে অন্যতম সেরা টেস্ট অধিনায়কও সে। তার অধিনায়কত্বের রেকর্ডে একমাত্র যা নেই, তা হল একটি আইসিসি ট্রফি। তা ছাড়া, বিরাট কোহলি ভারতের সেরা অধিনায়কদের একজন।”

অন্যদিকে, রোহিত শর্মাকে নিয়ে শ্রীকান্ত বলেন, “রোহিতের পরিস্থিতি একটু আলাদা। টেস্ট ক্রিকেট থেকে সে অবসর নিয়েছে, এবং সেটা ঠিকই আছে। টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রেও আমি মনে করি অবসরের সময়টা সঠিক ছিল। ওরা দুজনেই যে একসঙ্গে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিল, তা ছিল ওদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু আমি এখনও বিশ্বাস করি, একদিনের ক্রিকেটে আধুনিক যুগে বিশ্বের দেখা সেরা ওয়ানডে ক্রিকেটারদের একজন রোহিত শর্মা। ক্রিকেট দুনিয়া যত মহান ওয়ানডে ওপেনার দেখেছে, রোহিত তাদের অন্যতম। যদি সে ধারাবাহিকতা বজায় রেখে রান করতে থাকে এবং ফিট থাকে, তাহলে কেন নয়? আমার বিশ্বাস, রোহিত শর্মার ২০২৭ একদিনের বিশ্বকাপে খেলা উচিত।”