ভারতীয় ক্রীড়াজগতে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন ভারতের টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের মা জেনিফার পেজ। তিনি নিজেও দেশের ক্রীড়াক্ষেত্রে অত্যন্ত পরিচিত নাম ছিলেন। ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক এবং অলিম্পিয়ান হিসাবে দীর্ঘদিন দেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।
জেনিফার পেজের প্রয়াণে ক্রীড়ামহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন এবং বর্তমান ক্রীড়াবিদরা তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তাঁর অবদান শুধু বাস্কেটবলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ভারতীয় ক্রীড়ার সামগ্রিক উন্নয়নেও তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বলেই মত ক্রীড়ামহলের একাংশের।
শোকবার্তায় বলা হয়েছে, ‘ভারতীয় টেনিসের কিংবদন্তি লিয়েন্ডার পেজের মা শ্রীমতী জেনিফার পেজের প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক এবং অলিম্পিয়ান হিসাবে দেশের ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
এছাড়াও লিয়েন্ডার পেজ এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। শোকবার্তায় আরও উল্লেখ করা হয়েছে, ‘এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছি। এই অপূরণীয় ক্ষতি সহ্য করার মতো শক্তি পাক পরিবার। তাঁর আত্মা চিরশান্তি লাভ করুক।’
উল্লেখ্য, ভারতীয় ক্রীড়ার ইতিহাসে পেজ পরিবার বরাবরই অত্যন্ত সম্মানিত। জেনিফার পেজের প্রয়াণ সেই ইতিহাসের এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি বলেই মনে করছেন অনেকেই।