ইউরোপীয় ক্লাব ফুটবলে শনিবারের রাত জুড়ে হয়ে গেল নানা রকমের নাটক। কোথাও জয় পেয়েও অস্বস্তি, কোথাও গোলরক্ষকের অভাবনীয় ভুলে তৈরি হল ইতিহাস।
লা লিগায় ভিয়ারিয়ালকে হারাল রিয়াল মাদ্রিদ। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের লাল কার্ড সেই জয়ের আনন্দ অনেকটাই ম্লান করে দিল। অন্য দিকে, হেতাফেকে হারিয়ে লিগে নিজেদের অপরাজিত যাত্রা অব্যাহত রাখল বার্সেলোনা। বুন্দেসলিগায় অগসবার্গের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও কোনও রকমে ড্র করল বায়ার্ন মিউনিখ। ফরাসি লিগে লে মানসকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল পিএসজি।
ভিনিসিয়াসের লাল কার্ড
ভিয়ারিয়ালের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে একমাত্র গোলটি করেন ১৯ বছরের উইঙ্গার ইয়ান দিয়োমান্দে। তবে ম্যাচের শেষ দিকে দশ জনে খেলতে হয় হোসে মোরিনিয়োর দলকে।
বদলি হিসেবে মাঠে নেমে গোল করেছিলেন ভিনিসিয়াস। কিন্তু সেই গোল বাতিল হয়ে যায়। এর পর ভিএআর দেখে ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনে ধরার জন্য ব্রাজিলীয় তারকাকে লাল কার্ড দেখান রেফারি। ২৫ অক্টোবরের এল ক্লাসিকোয় ভিনিসিয়াস খেলতে পারবেন কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।
রিয়ালের মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি বলেন, ‘রেফারিদের কী হচ্ছে, বুঝতে পারছি না। এই লাল কার্ডের সিদ্ধান্তও আমার বোধগম্য নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জয়।’
অন্য দিকে, কিলিয়ান এমবাপে হাঁটুর সমস্যার পর দলে ফিরলেও তাঁকে নিয়ে সমর্থকদের একাংশের অসন্তোষ চোখে পড়েছে। কেউ তাঁকে দুয়ো দিয়েছেন, আবার কেউ হাততালি দিয়ে স্বাগত জানিয়েছেন।
<blockquote class=”twitter-tweet”><p lang=”es” dir=”ltr”>Vinicius Jr. fue expulsado del partido ante el Villarreal por una agresión previa a lo que había sido el segundo gol del Madrid 🟥😳. https://t.co/XRQoClHOwp</p>— ESPN Deportes (@ESPNDeportes) <a href=”https://x.com/ESPNDeportes/status/2109035678168195186?ref_src=twsrc%5Etfw”>October 10, 2026</a></blockquote>
<script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
বার্সার হয়ে প্রথম গোল গর্ডনের
হেতাফেকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। দলের হয়ে দ্বিতীয় মিনিটেই গোল করেন ইংল্যান্ডের উইঙ্গার অ্যান্টনি গর্ডন। বার্সেলোনার জার্সিতে এটাই তাঁর প্রথম গোল।
এর পর প্রথমার্ধের ৩০ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল জেসুস। দ্বিতীয়ার্ধে লামিনে ইয়ামালের পাস থেকে তৃতীয় গোলটি করেন ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে।
এই জয়ের ফলে লিগে নিজেদের নিখুঁত সূচনা বজায় রেখেছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে আলাভেসকে। অন্য দিকে, ভিয়ারিয়ালের বিরুদ্ধে জয়ের পরেও বার্সেলোনার থেকে ছয় পয়েন্ট পিছনে রয়েছে রিয়াল।
ন্যয়ারের ভুলে ৯ সেকেন্ডেই গোল খেল বায়ার্ন
বুন্দেসলিগায় অগসবার্গের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের শুরুতেই গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ারের মারাত্মক ভুলে পিছিয়ে পড়ে তারা। খেলা শুরুর মাত্র ৮.৪ সেকেন্ডের মাথায় গোল করেন অগসবার্গের রবিন ফেলহাউয়ার।
কিক-অফের পর বল পেয়ে ন্যয়ার তা বিপক্ষের খেলোয়াড়ের পায়ে তুলে দেন। ফাঁকা গোলে বল পাঠাতে কোনও ভুল করেননি ফেলহাউয়ার। বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোলের নজির তৈরি হল এই ঘটনায়।
পরে হ্যারি কেনের দু’টি অ্যাসিস্টের সাহায্যে ম্যাচে ফেরে বায়ার্ন। কিন্তু জয় অধরাই থেকে যায়। ফলে লিগের শীর্ষে থাকা বরুসিয়া ডর্টমুন্ডকে টপকে যাওয়ার সুযোগও হারায় তারা। ডর্টমুন্ডের থেকে দু’পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার্ন।
ম্যাচের পর কেন বলেন, ‘এই ফলটা হারার মতোই মনে হচ্ছে। অন্য কোনও দিন আমরা ম্যাচটা জিততে পারতাম। কিন্তু ফুটবলে এমন হয়। আমরা দু’টি সহজ গোল দিয়ে দিয়েছি, আর ওরা তার শাস্তি দিয়েছে।’
ন্যয়ারের ভুল নিয়ে বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানির বক্তব্য, ‘আমরা আরও ভাল ভাবে শুরু করতে চেয়েছিলাম। তবে ম্যানু অনেক দিন ধরে ফুটবল খেলছে। যা হয়ে গিয়েছে, তা আর বদলাতে পারবে না। কেরিয়ারে এত দিন ধরে যে ভাবে নিজের দক্ষতা দেখিয়েছে, ওকে আবার সে ভাবেই খেলতে হবে।’
জয়ে ফিরল পিএসজি
ফরাসি লিগে লে মানসকে ৩-১ গোলে হারিয়েছে প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি)। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লুকাস বেরালদো। বিরতির পর ন’মিনিটের মাথায় সমতা ফেরান লুইস মাফুতা।
এর পর ৬১ মিনিটে মাঠে নামার মাত্র দু’মিনিটের মধ্যে গোল করেন খভিচা কাভারাস্খেলিয়া। সাত মিনিট পরে ম্যাগনেস আকলিউশে তৃতীয় গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন।
এটি মরসুমের শুরুতে ধাক্কা খাওয়ার পর পিএসজির টানা তৃতীয় জয়। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হওয়ার আগে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে তাদের।
অন্য দিকে, মোনাকো নিজেদের মাঠে তুলুজের সঙ্গে ২-২ গোলে ড্র করে শীর্ষস্থান মজবুত করার সুযোগ হারিয়েছে। লে আভরেকে ১-০ গোলে হারিয়ে মোনাকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিল।