ভারতীয় সিনিয়র দলে খেলার ছাড়পত্র পেয়ে গেল বৈভব সূর্যবংশী

ভারতের বিস্ময় ক্রিকেটার বৈভব সূর্যবংশী এবারে সিনিয়র দলে ডাক পেতে পারে। তার ছাড়পত্র পেয়ে গেছে। এতদিন বয়সটা ১৫ বছরে পৌঁছয়নি বৈভবের। তাই যুব দলে খেলার সুযোগ থাকলেও সিনিয়র দলে তার অংশ নেওয়ার সুযোগ ছিল না। শনিবার থেকে আইপিএল ক্রিকেট শুরু হচ্ছে। তার ঠিক আগের দিন বৈভব নিজেই জানিয়ে দিল তার ১৫ বছর পূর্ণ হয়েছে। কোটি কোটি টাকার মালিক বিহারের এই কিশোর ক্রিকেটার বৈভবের আর কোনও অসুবিধা থাকল না সিনিয়র দলের হয়ে মাঠে নামতে। আশা করা যেতেই পারে, হয়তো আগামী দিনে গৌতম গম্ভীরের ভারতীয় দলের সাজঘরে প্রবেশ করার বড় একটা সুযোগ এসে গেল।

প্রধান নির্বাচক অজিত আগরকর ও অন্যান্য নির্বাচকরা যদি মনে করেন, সূর্যকুমার যাদব বা শুভমন গিলের নেতৃত্বাধীন দলের জন্য বৈভবকে প্রয়োজন আছে, তাহলে তার ডাক আসতেই পারে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ২০২০ সালের নিয়ম অনুসা, ১৫ বছর বয়স না হলে সিনিয়র দলের প্রতিনিধিত্ব করা যায় না। সেই কারণে এত দিন পর্যন্ত বৈভবকে ভারতীয় দলে নির্বাচন করার ক্ষেত্রে কোনও সুযোগ ছিল না। ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে খেলার নজির রয়েছে শচীন তেন্ডুলকরের। তিনি ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট খেলেছিলেন। যদি ভারতীয় দলে বৈভবের ডাক আসে, তাহলে শচীন তেণ্ডুলকারের রেকর্ড ভাঙার সুযোগ থাকবে তার।

সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার নজির রয়েছে পাকিস্তানের হাসান রাজার। ১৯৯৬ সালে ১৪ বছর ২২৭ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। রাজ়ার এই বিশ্বরেকর্ড ভাঙতে পারবে না বৈভব। শুধু তা-ই নয়, আইসিসি নিয়ম পরিবর্তন না করলে এই বিশ্বরেকর্ড অক্ষত থেকে যাবে।


সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে বৈভবের। আইপিএল, রঞ্জি ট্রফি, বিজয় হজারে ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফির মতো প্রতিযোগিতায় খেলেছে কিশোর ব্যাটসম্যান। কারণ ঘরোয়া ক্রিকেটে আইসিসির এই নিয়ম প্রযোজ্য নয়।

ঘরোয়া ক্রিকেট আগ্রাসী ব্যাটিং করে নজর কাড়ার পর ২০২৫ সালের আইপিএলের আগে আলোচনায় উঠে আসে বৈভব। নিলামে তাকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। তখন থেকে ক্রিকেটপ্রেমীদেরও আগ্রহ তৈরি হয় বিহারের এই কিশোর ক্রিকেটারকে নিয়ে। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে সাফল্যের পর ভারতের অনূর্ধ্ব-১৯ এবং ভারত ‘এ’ দলে সুযোগ পায় বৈভব। ভারতের এমার্জিং এশিয়া কাপ এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বৈভবের। অবশ্য বৈভব যুব বিশ্বকাপ ক্রিকেটে খেলতে পারবে না। চলতি বছরে সে বিশ্বকাপ খেলেছে ভারতীয় দলের হয়ে।

তবে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নিয়মানুসারে কোনও ক্রিকেটার একবার যদি যুব বিশ্বকাপ দলের হয়ে খেলে থাকেন, তাহলে পরবর্তী সময়ে তার আর খেলার সুযোগ থাকবে না। এই নিয়মটা খুব একটা বেশিদিন চালু হয়নি। এর আগে রাহুল দ্রাবিড় একাধিক যুব বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিয়েছেন।