সব রকম জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় টি-২০ দলে ডাক পেলেন ভারতীয় ক্রিকেটের বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী। শনিবার দুপুরে মুম্বইয়ে জাতীয় সিনিয়র দলের নির্বাচকদের বৈঠকে আসন্ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের জন্য যে ১৪ জনের দল বাছাই করা হয়, তাতে রয়েছে বৈভবের নাম। প্রত্যাশিত ভাবেই এই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রেয়স আয়ার। গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে এই দুই ক্রিকেটারকে নিয়ে যে জল্পনা চলছিল, তাতেই অবশেষে সিলমোহর লাগিয়ে দিলেন নির্বাচকেরা।
জুনের শেষ সপ্তাহ থেকে ভারতীয় দল আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে টি-২০ সিরিজ খেলবে। সেই সিরিজের জন্য যে ১৪ জনের যে স্কোয়াড আজ ঘোষণা করা হল, তাতে রয়েছেন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, শিবম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রিন্স যাদব ও বৈভব সূর্যবংশী।
এই দলে রাখা হয়নি রজত পাটিদার ও জশপ্রীত বুমরাকে। তারকা পেসারকে সেপ্টেম্বরে এশিয়ান গেমসের দলে রাখা হয়েছে। জাপানগামী এই দলে বুমরার সঙ্গে রয়েছেন, শ্রেয়স আইয়ার, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, শিবম দুবে, তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, অর্শদীপ সিং ও বৈভব সূর্যবংশী।
সূর্য কুমার যাদবকে টি-২০ দলের নেতৃত্ব থেকে শুধু সরিয়ে দেওয়া হয়নি, দল থেকেও বাদ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে নির্বাচকদের প্রধান অজিত আগারকর সাংবাদিকদের বলেন, ‘সূর্যর সাম্প্রতিক পারফরম্যান্স আগামী দু’ছরের কথা ভেবে আমাদের দল গড়ার ভাবনার জন্যই ওকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রেয়স ইদানীং ভাল খেলেছে, ভাল ক্যাপ্টেনসিও করেছে। সে জন্যই এখন ওরই এই জায়গাটা প্রাপ্য বলে মনে করি আমরা’।
বৈভবকে দলে নেওয়া প্রসঙ্গে আগারকর বলেন, ‘ও কী কী করতে পারে, তা আমরা দেখেছি। এর পরে ওকে দলে নেওয়া ছাড়া কোনও উপায় ছিল না। আশা করি, খেলার সুযোগ পালে ও সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে পারবে। আইপিএলে অনেক কঠিন কঠিন চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে সামলেছে ও। আন্তর্জাতিক ক্রিকেটে নেমেও নিশ্চয়ই ও একই দক্ষতায় চ্যালেঞ্জ সামলাবে বলেই আমাদের আশা’।
তবে লাল বলের ক্রিকেটে এখনই বৈভবকে নামানোর পক্ষপাতী নন আগারকররা। তিনি বলেন, ‘ওর বয়স কম। অযথা তাড়াহুড়ো করে ওকে লাল বলের ক্রিকেটে ঠেলে পাঠাবার প্রয়োজন আছে বলে মনে হয় না। ঘরোয়া ক্রিকেট শুরু হোক। ও ঘরোয়া ক্রিকেটে লাল বলের ক্রিকেট খেলুক। সেখানে কেমন খেলে, দেখে নিয়ে, তার পরে সিদ্ধান্ত নেওয়া যাবে’।
এ দিন বিরাট কোহলিকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগারকর বলেন, ‘সপ্তাহ খানেক হল বিরাট চোট পেয়েছে। এখনই বোঝা যাচ্ছে না ও কবে নাগাদ ফিট হবে। আশা করি, ইংল্যান্ডে ওয়ান ডে সিরিজে ওকে পাওয়া যাবে’। অর্থাৎ, আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নেই কোহলি।
হার্দিক পান্ডিয়া বেঙ্গালুরুতে রিহ্যাব করছেন বলে জানান প্রধান নির্বাচক। রোহিত শর্মাও সেখানে দু-তিনদিনের মধ্যে পৌঁছে যাবেন বলে জানালেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে এই দুই তারকাকে পাওয়া যেতে পারে।