চলতি আইপিএল ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেল বিহারের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। প্রথমবার ভারতের সিনিয়র দলে সুযোগ পেল ১৫ বছরের এই তরুণ বাঁহাতি ওপেনার। আগামী জুন মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত একদিনের ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় ‘এ’ দলে ডাক পেল বৈভব। তিলক বর্মার নেতৃত্বে ভারতীয় দল শ্রীলঙ্কায় এই সিরিজে অংশ নেবে। ভারত, শ্রীলঙ্কার পাশাপাশি আফগানিস্তানও এই সিরিজে খেলবে।
আগামী ৯ জুন থেকে শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ, চলবে ২১ জুন পর্যন্ত। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি চার দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল। তবে, সেই দল এখনও ঘোষণা করা হয়নি। তার আগে আসন্ন এই ত্রিদেশীয় সিরিজে বৈভবের পারফরম্যান্সের দিকে নজর থাকবে নির্বাচকদের। এই সিরিজে ভাল খেলতে পারলে হয়তো দ্রুত ভারতীয় সিনিয়র টি-টোয়েন্টি দলে ডাক পেতে পারে সে। তাহলে সবচেয়ে কম বয়সে ভারতের জার্সিতে অভিষেকের নজির গড়বে বৈভব। ভেঙে যাবে শচিন তেন্ডুলকরের রেকর্ড।
চলতি আইপিএল ক্রিকেটে রাজস্থান রয়্যালসের হয়ে এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৪৪০ রান করেছে বৈভব। যারমধ্যে একটি শতরান ও দু’টি অর্ধশতরান রয়েছে। ব্যাট হাতে রাজস্থানের হয়ে তাঁর সর্বোচ্চ স্কোর ১০৩ রান। কমলা টুপির দৌড়ে আপাতত সপ্তম স্থানে রয়েছে বৈভব, যদিও সে একটি ম্যাচ কম খেলেছে।
এর আগেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের সাফল্যে বড় ভূমিকা নিয়েছিল বৈভব। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৫ রানের ইনিংস খেলে নজর কাড়ে। এবার ভারত ‘এ’ দলে সুযোগ পেয়ে কি আবার নিজেকে প্রমান করতে পারবে ? এই প্রশ্নের উত্তর অবশ্য সময়ই বলবে।