কীভাবে খেললেন এমন এক অমানুষিক ইনিংস? বিশাল নজিরের নেপথ্যে ছিল কোন পরিকল্পনা? জানালেন বিস্ময়কিশোর বৈভব

৫২ বলে ২০৪ রান! ২৮টি ছক্কা! একের পর এক বিশ্বরেকর্ড ভেঙে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছেন বৈভব সূর্যবংশী। কিন্তু এমন বিধ্বংসী ইনিংসের পরিকল্পনা কি আগে থেকেই তৈরি ছিল? নাকি উইকেট বুঝে বদলে ফেলেছিলেন নিজের ব্যাটিংয়ের ধরন? রেকর্ড গড়ার পরে বৈভব জানালেন, শুরুতে তাঁর পরিকল্পনা ছিল সময় নিয়ে ব্যাট করার। কিন্তু কয়েকটি বল খেলার পরই বুঝতে পারেন, পিচ থেকে বোলাররা বিশেষ সাহায্য পাচ্ছেন না। তখনই নিজের স্বাভাবিক আক্রমণাত্মক খেলায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

বৈভব বলেন, ‘গত দু’টি ম্যাচে আমি শুরুটা ভাল করেও ইনিংস বড় করতে পারিনি। তাই এ দিন প্রথমে ঠিক করেছিলাম, ক্রিজে গিয়ে একটু সময় নেব। কিন্তু এক-দু’টো বল খেলার পর বুঝলাম, পিচ থেকে বোলাররা তেমন সাহায্য পাচ্ছেন না। তাই নিজের শক্তির উপর ভরসা রাখলাম’।

‘মাথায় বিশেষ কিছু ছিল না’


ব্যাট করার সময় মাথায় কী চলছিল? বৈভবের উত্তরেও ধরা পড়েছে তাঁর স্বাভাবিক ক্রিকেটীয় ভাবনা। পরিস্থিতি বুঝে খেলার কথাই ভেবেছিলেন তিনি। তাঁর কথায়, ‘মাথায় বিশেষ কিছু ছিল না। একটাই ভাবনা ছিল, উইকেট যদি বোলারদের সাহায্য করে, তা হলে সময় নিয়ে খেলব এবং লম্বা ইনিংস গড়ার চেষ্টা করব। কিন্তু সৌভাগ্যক্রমে তেমনটা হয়নি। উইকেট ভাল ছিল, বল ব্যাটে সুন্দর ভাবে আসছিল। তাই নিজের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি’।

ম্যাচের আগে মানসিকতায় কোনও পরিবর্তন আনেননি বলেও জানিয়েছেন বৈভব। তাঁর লক্ষ্য ছিল ইনিংসের গভীরে যাওয়া। ‘মানসিকতায় কোনও বদল ছিল না। একই পরিকল্পনা ছিল—লম্বা সময় ব্যাট করা। শুরুতে যদি খেলা আমার নিয়ন্ত্রণে না থাকত, তা হলে সময় নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু সৌভাগ্যক্রমে প্রথম থেকেই খেলার নিয়ন্ত্রণ নিতে পেরেছিলাম। তার পরে নিজের শর্তে খেলেছি’।

কোচের পরামর্শ, ‘বলটা ঠিক করে দেখো’

বৈভবের ব্যাটিংয়ের পিছনে কোচদের পরামর্শও গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঋষি স্যরের কথা বার বার মনে করেন তিনি। অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকেই একই পরামর্শ পেয়ে আসছেন। বৈভবের কথায়, ‘ঋষি স্যর প্রতি ম্যাচের আগে আমাকে একই কথা বলেন। অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকেই বলে আসছেন, আমি যদি শুধু বলটা ঠিক করে দেখি, তা হলে খেলাটা আমার কাছে সহজ হয়ে যাবে।’

আমিরশাহির বিরুদ্ধে রান পেয়ে নিজের ছন্দ ফিরে পাওয়ার কথাও জানিয়েছেন বৈভব। ‘ভাল লাগছে। খেলায় নিজের ছন্দ ফিরে পেয়েছি। বাকি ম্যাচগুলিতেও এই ছন্দ ধরে রাখার চেষ্টা করব। আশা করি, আমরা সেমিফাইনাল জিতে ফাইনালে উঠব। আর আমি একই ছন্দে, নিজের মতো করে খেলতে পারব।’

চাপ অনুভব করেন না বৈভব?

এত কম বয়সে এমন বিধ্বংসী ব্যাটিং করলেও চাপ যে একেবারেই অনুভব করেন না, তা নয়। বৈভব স্বীকার করেছেন, ব্যাট করতে নামলে তাঁরও কিছুটা স্নায়ুর চাপ থাকে। তবে কয়েকটি বল খেলার পরই নিজেকে সামলে নেন। তাঁর কথায়, ‘অবশ্যই চাপ অনুভব করি। সব সময়ই করি। একটু নার্ভাস লাগা স্বাভাবিক, এটা মানুষের স্বভাব। তবে দু’-চারটি বল খেলার পরই আমি থিতু হয়ে যাই। তার পরে আবার স্বাভাবিক হয়ে নিজের খেলায় মন দিই’।

রেকর্ডের ঝলকানির আড়ালে বৈভবের এই সহজ ক্রিকেটীয় দর্শনই বুঝিয়ে দিচ্ছে, কেন এত অল্প বয়সে নজর কাড়ছেন তিনি। নিজের শক্তির উপর ভরসা, কোচের পরামর্শ মেনে চলা এবং পরিস্থিতি বুঝে খেলার ক্ষমতা—এই তিনের মিশেলেই তৈরি হচ্ছে নতুন বৈভব।