ভারতীয় ক্রিকেটে বৈভব সূর্যবংশীর উত্থান যেন রূপকথার গল্প। আইপিএল, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ভারত ‘এ’ দলের হয়ে একের পর এক বিস্ফোরক ইনিংস খেলে আলোচনার কেন্দ্রে উঠে আসা এই ১৫ বছরের ব্যাটার এবার জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি পেলেন—সিনিয়র ভারতীয় দলের জার্সি। এমন এক মুহূর্তে আবেগে ভাসবেন না এই কিশোর, তাই কখনো হয়?
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-২০ দলে সুযোগ পেয়েছেন বৈভব। দলের হোটেলে ভারতীয় দলের থ্রো-ডাউন বিশেষজ্ঞ রঘুর হাত থেকে তিনি নিজের প্রথম সিনিয়র টিম ইন্ডিয়া জার্সি গ্রহণ করেন। জার্সির নম্বর ছিল ‘০৩’। জার্সি হাতে পাওয়ার পর বৈভবের মুখে বিস্ময়, গর্ব এবং আবেগ—সবকিছুই ধরা পড়ে।
বিসিসিআই প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জার্সি হাতে নিয়ে কিছুক্ষণ যেন কথাই বলতে পারছিলেন না বৈভব। পরে তিনি বলেন, ‘কখনও কখনও এমন কিছু ঘটে, যা আপনি কল্পনাও করতে পারেন না।’ ভারতের জার্সি পাওয়ার অনুভূতিকে তিনি স্বপ্নপূরণ বলেও বর্ণনা করেন।
বলেন, ‘ভাষায় এই অনুভূতি বোঝানো সম্ভব নয়। যে স্বপ্ন চোখে নিয়ে প্রথম দিন ব্যাট হাতে নিয়েছিলাম এবং অনুশীলন করতে ক্রিকেট মাঠে যাওয়া শুরু করেছিলাম, আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। সেই অভিযানের সবচেয়ে বড় ধাপটি আজ সম্পূর্ণ হল। সত্যিই এই অনুভূতিকে ভাষায় প্রকাশ করতে পারছি না। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল। আর যখন ওই জার্সিটা দেখলাম, তখন আমার মুখ থেকে হাসি আর যাচ্ছিল না।’
এই মুহূর্তটিকে শুধু আবেগঘন ঘটনা হিসেবে দেখলে ভুল হবে। ভারতীয় ক্রিকেটে বৈভবকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে, এই জার্সি সেই প্রত্যাশারই স্বীকৃতি।মাত্র কয়েকদিন আগেই শ্রীলঙ্কায় ভারত ‘এ’ দলের হয়ে তিনি লিস্ট-এ ক্রিকেটে মাত্র ১১ বলে অর্ধশতরান করে বিশ্বরেকর্ড গড়েছিলেন। সেই ইনিংস তাঁকে আরও বড় মঞ্চের দরজা খুলে দেয়।
বিশ্লেষকদের মতে, নির্বাচকরা শুধু তাঁর প্রতিভা নয়, মানসিক দৃঢ়তাকেও গুরুত্ব দিয়েছেন। কারণ ১৫ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়া যেমন বিরল, তেমনই সেই চাপ সামলানো আরও কঠিন।ভারতীয় দলের জার্সি পাওয়া এক জিনিস, আর আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করা আরেক। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সম্ভাব্য অভিষেক ম্যাচে বৈভবের দিকে থাকবে কোটি কোটি ক্রিকেটপ্রেমীর নজর।
তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ইতিমধ্যেই বিশ্বের প্রাক্তন ক্রিকেটারদের মুগ্ধ করেছে, তবে এখন তাঁকে প্রমাণ করতে হবে যে বয়স কেবল একটি সংখ্যা। বৈভব সূর্যবংশীর চোখে জল কিংবা আবেগঘন প্রতিক্রিয়া ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে করিয়ে দিয়েছে যে অসাধারণ প্রতিভার আড়ালেও একজন কিশোর লুকিয়ে থাকে, যে ছোটবেলা থেকে দেশের জার্সি পরে মাঠে নামার স্বপ্ন দেখে। সেই স্বপ্নের প্রথম ধাপ পূরণ হয়েছে। এখন দেখার, ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময়বালক আন্তর্জাতিক মঞ্চে কত দ্রুত নিজের ছাপ ফেলতে পারেন।