টস জিতে বিহার অধিনায়ক বৈভব ভুলেই গেলেন বিহারের প্রথম এগারো! স্বীকারও করে নিলেন, ‘ভুলে গিয়েছি, স্যার’

Vaibhav Sooryavanshi Photo-SNS

বয়স ১৫ বছর ২৩২ দিন। অথচ কাঁধে রাজ্যের দলের অধিনায়কত্বের দায়িত্ব। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে বিহারের অধিনায়ক হিসেবে অভিষেক হল বৈভব সূর্যবংশীর। আর প্রথম দিনেই এক মজার ঘটনা ঘটিয়ে বসলেন বিস্ময় কিশোর।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে টিভি ধারাভাষ্যকার যখন বিহারের প্রথম একাদশ সম্পর্কে জানতে চাইলেন, তখন উত্তর দিতে গিয়ে কার্যত থমকে গেলেন বৈভব। শেষ পর্যন্ত বলে দিলেন, ‘স্যার, আমার মনে হয়, ভুলে গিয়েছি!’

তাঁর এই সরল স্বীকারোক্তি শুনে হাসি চাপতে পারেননি টসের সঞ্চালকও। মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। তবে মজার এই ঘটনার আড়ালে রয়েছে একটি বড় রেকর্ড। শনিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সৌরাষ্ট্রের বিরুদ্ধে টস করতে নেমে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়ে গেলেন বৈভব। তখন তাঁর বয়স ১৫ বছর ২৩২ দিন।


এর আগে এই রেকর্ড ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের দখলে। ২০২৫ সালের ৭ অগস্ট সাইপ্রাসের বিরুদ্ধে দেশের অধিনায়কত্ব করার সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন। বৈভব সেই নজির ভেঙে দিলেন।

বিহারের অধিনায়ক হওয়ার সুযোগকে বিশেষ সম্মানের বলে মনে করছেন বৈভব। টসের সময় নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, ‘এটা আমার কাছে স্বপ্নপূরণের মতো। এখান থেকেই আমি ক্রিকেট খেলা শুরু করেছি। সেই রাজ্যেরই অধিনায়ক হওয়ার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার। এই দায়িত্ব পাওয়ার জন্য আমি খুব কৃতজ্ঞ। নিজের সাধ্যমতো দায়িত্ব পালন করার চেষ্টা করব’।

 

বিহার ক্রিকেট সংস্থা সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম দু’টি ম্যাচের জন্য বৈভবকে অধিনায়ক করেছে। অল্প বয়সেই তাঁর ক্রিকেটজীবনে আরও একটি বড় মাইলফলক যোগ হল।

অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেও ব্যাট হাতে দিনটা ভাল গেল না বৈভবের। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিহার। ওপেন করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন তিনি। ১২ বলে ১৮ রান করে আউট হন। বাঁহাতি পেসার চেতন সাকারিয়ার বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফেরেন বিহার অধিনায়ক।

বৈভবের বিদায়ের পর বিহারের ইনিংসও বড় রান তুলতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করে তারা। পৃথ্বীরাজ সর্বোচ্চ ৩৮ রান করেন।

জবাবে ১৬.৩ ওভারেই পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সৌরাষ্ট্র। হরবংশ পাঙ্গালিয়া মাত্র ১১ বলে ৩৩ রান করে ম্যাচের রং বদলে দেন। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছয়।

বিহারের হয়ে এই প্রতিযোগিতায় বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না বৈভব। মাত্র দু’টি ম্যাচ খেলার পরেই তাঁকে যোগ দিতে হবে ভারত ‘এ’ দলে। কাতারের দোহায় ১৯ নভেম্বর থেকে শুরু হবে এসিসি রাইজ়িং স্টারস এমার্জিং প্রতিযোগিতা।

সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও নজর কেড়েছেন তিনি। ওয়েলিংটনে মাত্র ১৯ বলে ৪৫ রান করেছিলেন বৈভব। অভিষেক শর্মার সঙ্গে ৭.১ ওভারে ১৩৩ রানের ওপেনিং জুটি গড়েন দু’জনে।