দোহায় সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে বৈভবের বিধ্বংসী ইনিংসের পর ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে এখন বিস্ময়কিশোর বৈভব। রাইজিং স্টার এশিয়া কাপে মাত্র ৫২ বলে দ্বিশতরান পূর্ণ করে ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। ২৮ বলে শতরান, ইনিংসে ২৮টি ছক্কা—একটি ইনিংসেই একাধিক নজির ভেঙেছেন বিহারের এই বাঁহাতি ব্যাটার।
বৈভবের প্রতিভা সম্পর্কে অবশ্য আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন তাঁর শৈশবের কোচ। বছর দুয়েক আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, এক দিন দুশো রান করবেন বৈভব। সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। এ বার আরও বড় স্বপ্ন দেখছেন মনীশ ওঝা।
‘এক দিন ৩০০ রানও করবে’
বুধবার সকালে ‘দৈনিক স্টেটসম্যান ডিজিটাল’-কে ফোনে মনীশ নয়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বললেন, ‘আমার বিশ্বাস, এক দিন ও তিনশো রানও করতে পারে। কালকের ইনিংসটা ছিল সব দিক থেকে অসাধারণ। আগ্রাসন ছিল, বিনোদন ছিল, আবার দুরন্ত ব্যাটিংও ছিল।’
বৈভবের ব্যাটিংয়ের ধরন এক দিনের ক্রিকেট সম্পর্কে প্রচলিত ধারণাকেও বদলে দিচ্ছে বলে মনে করেন তাঁর কোচ। বলেন, ‘এক দিনের ক্রিকেটকে দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দিচ্ছে বৈভব। যদি এই গতিতে রান করে একটা দল ১৪-১৫ ওভারের মধ্যে ম্যাচ জিতে নিতে পারে, তা হলে ভাবুন, ৫০ ওভারের ম্যাচে একই আগ্রাসী মানসিকতা নিয়ে খেললে কী হতে পারে!’
আরও পড়ুন: ‘তুমিই অনুপ্রেরণা’, বৈভবের দ্রুততম দুশোয় মুগ্ধ সূর্য! প্রশংসায় পঞ্চমুখ শেহবাগ, অশ্বিনরাও
বৈভবের রেকর্ড ভাঙার ক্ষমতা কারও আছে কি না, সেই প্রশ্নের উত্তরে ছাত্রের মতোই আগ্রাসী। বলেন, ‘এই মুহূর্তে এমন কোনও ক্রিকেটারকে দেখছি না, যে ওর রেকর্ড ভাঙতে পারবে। তার জন্য সম্ভবত ক্রিস গেলকে আবার ক্রিকেটে ফিরতে হবে! না হলে বৈভবের রেকর্ড একমাত্র বৈভবই ভাঙতে পারবে।’
আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালসের হয়ে ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন বৈভব। গোটা মরসুমে ৭৭৬ রান করে জিতেছিলেন অরেঞ্জ ক্যাপ। ৬৫টি ছয় মেরে আইপিএলের একটি মরসুমে সর্বাধিক ছয়ের রেকর্ডও ভেঙে দেন তিনি। এর আগে এই নজির ছিল গেলের। ২০১২ সালে ৫৯টি ছয় মেরেছিলেন ক্যারিবিয়ান তারকা।
বিজয় হজারে ট্রফিতে বিহারের হয়ে ৮৪ বলে ১৯০ রান এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের ইনিংসও খেলেছিলেন বৈভব।
‘রেকর্ড নয়, বলে নজর’
এত কম বয়সে একের পর এক রেকর্ড গড়লেও সেগুলি নিয়ে মাথা ঘামান না বৈভব। কোচের কথায়, ‘ও রেকর্ড বা পরিসংখ্যান দেখে না। শুধু বলের দিকে নজর রাখে। ও একটাই জিনিস বোঝে—বলটা মারার জায়গায় থাকলে মারতে হবে। বল যে দিকেই আসুক, নিজের শক্তির উপর ভরসা করে শট খেলে।’
আমিরশাহির বিরুদ্ধে ম্যাচের আগে অবশ্য কিছুটা চাপে ছিলেন বৈভব। নেপালের বিরুদ্ধে ২৬ এবং পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে ১১ রান করে আউট হয়েছিলেন তিনি। সেই ব্যর্থতার পরে কোচের সঙ্গে কথা বলেন তরুণ ব্যাটার।
সেই কথোপকথন নিয়ে মনীশ জানালেন, ‘নেপাল ম্যাচের পরে ওর সঙ্গে কথা হয়েছিল। তুলনায় সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে আউট হয়ে যাওয়ায় খুব হতাশ ছিল ও। নিজের উপরেই রাগ হচ্ছিল।’
তখন বৈভবকে কী পরামর্শ দিয়েছিলেন? ওঝার বক্তব্য, ‘আমি ওকে বলেছিলাম, ক্রিকেটে ছোটখাটো উত্থান-পতন থাকবেই। পৃথিবীর কোনও ক্রিকেটারই প্রত্যেক ম্যাচে সেঞ্চুরি করেননি বা বড় রান পাননি। শচীন তেন্ডুলকরের পরিসংখ্যান দেখলেও বুঝতে পারবেন, এত বড় ক্রিকেটারও বহু বার ব্যর্থ হয়েছেন। বিশ্বের সেরা ক্রিকেটাররাও ব্যর্থ হন।’
গম্ভীরকে বার্তা বৈভবের কোচের
বৈভবের প্রতিভা নিয়ে কোনও সংশয় নেই কোচের। কিন্তু ভারতীয় সিনিয়র দলে তাঁকে নিয়মিত সুযোগ না দেওয়ায় অসন্তুষ্ট মনীশ। তাঁর মতে, বেঞ্চে বসে থেকে কোনও ক্রিকেটার অভিজ্ঞতা অর্জন করতে পারেন না।
মনীশ বলেন, ‘বৈভব আজ এই ইনিংস খেলেছে কারণ ও মাঠে নেমেছিল। বেঞ্চে বসে থেকে এই পারফরম্যান্স করতে পারেনি। মাঠে নেমে পরিস্থিতির মোকাবিলা করে, চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে এবং সেখান থেকে বেরিয়ে এসেই একজন ক্রিকেটার অভিজ্ঞতা অর্জন করে। বেঞ্চে বসে কেউ কোনও দিন অভিজ্ঞতা অর্জন করেনি, ভবিষ্যতেও করবে না।’
ভারতীয় টিম ম্যানেজমেন্টকে তাঁর পরামর্শ, ‘যদি ভারতীয় দলের ম্যানেজমেন্ট মনে করে, বেঞ্চে বসে থাকলে বৈভব অভিজ্ঞতা অর্জন করবে, তা হলে সেটা ভুল ধারণা। ভারতীয় দল সাম্প্রতিক সময়ে খুব ভাল খেলছে, সেটা আমি স্বীকার করি। কিন্তু পাঁচ ম্যাচের কোনও সিরিজে বৈভবকে অন্তত দু-তিনটি ম্যাচ খেলানোর সুযোগ দেওয়া উচিত। কোনও একটি ইনিংসে ভাল খেললে পরের ম্যাচেও ওকে সুযোগ দিতে হবে। ওকে শুধু বিকল্প ক্রিকেটার হিসেবে দেখা উচিত নয়।’
বৈভবের সামনে এখন আরও বড় মঞ্চ। কিন্তু তাঁর কোচের স্বপ্ন এক দিনের ক্রিকেটে ৩০০ রানের ইনিংস। ভারতীয় ক্রিকেটে নতুন এক বিস্ময়ের উত্থান যে ঘটছে, তা নিয়ে অন্তত তাঁর মনে কোনও সন্দেহ নেই।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=AX1cY0SoN02D4O_G” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>