মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। এবার আফগানিস্তান ‘এ’-র বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে তাঁর বিধ্বংসী ইনিংস দেখে প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রাক্তন ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন এবং সঞ্জয় মঞ্জরেকর।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ম্যাচে ওপেন করতে নেমে বৈভব মাত্র ২২ বলে ৪৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল এক ঝাঁক আক্রমণাত্মক শট। ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলে দেন তিনি। এই ইনিংসের পরই ক্রিকেট মহলে তাঁকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে নতুন করে। যদিও ভারতীয় এ দল এই ম্যাচে ডাকওয়ার্থ লিউইস পদ্ধতিতে মাত্র চার রানে হেরে যায়।
ভারতের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন বৈভবের ব্যাটিং দেখে বিস্ময় প্রকাশ করেন। সম্প্রতি তিনি তরুণ ক্রিকেটারের প্রতিভার ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, বৈভবের মতো প্রতিভাকে তাড়াহুড়ো করে টেস্ট ক্রিকেটে ঠেলে দেওয়া উচিত হবে না; বরং ধীরে ধীরে নিজের স্বাভাবিক বিকাশের পথেই এগোনো উচিত।
অন্যদিকে সঞ্জয় মঞ্জরেকর বৈভবের ইনিংস দেখে সামাজিক মাধ্যমে লেখেন, ‘এটি আইপিএলের মতো সমতল উইকেট নয়, আবার টি-২০-ও নয়। বিভিন্ন ব্যাটিং পরিস্থিতিতে বৈভবকে দেখে আমি রোমাঞ্চিত। সে শুধু টি-২০-র মারকুটে ব্যাটার নয়, একদিনের ক্রিকেটেও বড় তারকা হয়ে উঠতে পারে। ও সত্যিই বিশেষ প্রতিভা’।
আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর বৈভবের উত্থান আরও দ্রুত হয়েছে। টুর্নামেন্টে তিনি ৭৭৬ রান করে সর্বোচ্চ স্কোরার হন এবং ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ব্যাট করে সবার নজর কেড়ে নেন। সেই পারফরম্যান্সের সুবাদেই তিনি আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-২০ ভারতীয় দলে প্রথমবার সুযোগ পেয়েছেন। পাশাপাশি এশিয়ান গেমসের ভারতীয় দলেও জায়গা করে নিয়েছেন।
ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় বালককে নিয়ে এখন প্রত্যাশার পারদ চড়ছে। তবে বিশেষজ্ঞদের মতে, বৈভবের সবচেয়ে বড় শক্তি শুধু বড় শট খেলার দক্ষতা নয়, বিভিন্ন ফরম্যাট ও পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাও। সেই কারণেই অনেকেই তাঁকে ভবিষ্যতের সফল ওয়ানডে ক্রিকেটার হিসেবেও দেখতে শুরু করেছেন।