ইডেনে কেকেআরের ম্যাচ নিয়ে ধোঁয়াশা

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী সোমবার রাজ্যের ভোট ঘোষণা হতে পারে। আইপিএল ক্রিকেট সূচি অনুযায়ী ইডেন উদ্যানে রয়েছে তিনটি হাইভোল্টেজ ম্যাচ। আগামী ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামার কথা কলকাতা নাইটরাইডার্সের। আদৌ ওই ম্যাচটি হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিধানসভা ভোট নিয়ে সব দলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

যদি নির্বাচন কমিশনার ভোটের দিন আগামী সোমবার ঘোষণা করে দেন, তাহলে কলকাতায় কেকেআরের ম্যাচ করা সম্ভব হবে না। ২০২১ সালে পশ্চিমবঙ্গের শেষ বিধানসভার ভোট আট দফায় হয়েছিল। এবারে কত দফায় ভোট হবে, তা এখনও জানা যায়নি।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, এপ্রিল মাসে যদি ভোটের দিন স্থির হয়, তাহলে কোনওভাবেই ক্রিকেট ম্যাচ সংঘটিত করা সম্ভব হবে না। এই ক্রিকেট ম্যাচ করার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি বড় করে দেখা দেয়। ভোটের কারণে পুলিশ প্রশাসন সারা রাজ্যজুড়ে ব্যস্ত থাকবে। তাই কোনওভাবেই ক্রিকেটের প্রতি তাদের চোখ রাখা সম্ভব হবে না। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের খেলাগুলি অন্য রাজ্যে নিয়ে যাওয়া হবে।